দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে ফের তোপ দাগলেন প্রশান্ত কিশোর।
ওয়েবডেস্ক: দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে ফের তোপ দাগলেন প্রশান্ত কিশোর। ‘বিশ্বের সবচেয়ে বড়’ এই শব্দ যেভাবে ব্যবহার করা হচ্ছে, তা সম্পূর্ণ ‘প্রচার’ বলে মনে করছেন তিনি। এই মুহূর্তে ভারত সবচেয়ে বড় করোনা সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আর সেটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তব পরিস্থিতি, এমনটাই টুইটে লিখেছেন তিনি।
এর আগেও দু’বার মোদি সরকারকে কটাক্ষ করেছেন তিনি। করোনা সমস্যার সঠিকভাবে মোকাবিলা করা হয়নি বলে মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি করোনার প্রথম দিকে হঠকারী এবং অপরিকল্পিতভাবে লকডাউন করায় অনেক মানুষ মারা গিয়েছেন বলে দাবি করেন তিনি। তারপর আরও একবার অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালের বেডের অভাবে অনেকে মারা গিয়েছেন বলে বিঁধেছিলেন তিনি। এর জন্য সরকারের অদূরদর্শিতা এবং অব্যবস্থা দায়ী বলে তোপ দেগেছিলেন তৃণমূলের ভোটকৌশলী।
তবে এবার করোনার এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাজকে সরাসরি ‘প্রচার’ বলেই কটাক্ষ করলেন তিনি। এর আগে মোদির মুখে শোনা গিয়েছিল ভারত বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ। ‘বিশ্বের সবচেয়ে বড়’ ভ্যাকসিন উৎপাদক দেশ কিংবা সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে এই দেশে বলে যে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ প্রচার ছাড়া আর কিছুই নয় বলে এদিন বলেন প্রশান্ত কিশোর। তাঁর আরও দাবি, সবচেয়ে বড় বাস্তব হল, এই মুহূর্তে ভারতই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সঙ্কটের সম্মুখীন। এমনকি এই কঠিন সত্য মানা ছাড়া উপায় নেই বলেও এদিন দাবি করেন প্রশান্ত কিশোর। আজ এই টুইটের পর ফের আরও একবার কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন তৃণমূলের ভোট কুশলী।
তথ্যসূত্রঃ আজকাল


