জাতীয়

পিএম কেয়ারের টাকায় ৫০০ অক্সিজেন কারখানা এবং এক লক্ষ কনসেন্ট্রেটর

ওয়েবডেস্ক:‌ ‌পিএম কেয়ারের তহবিলের টাকায় ৫০০টি অক্সিজেন তৈরির কারখানা এবং কেনা হবে এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর। দেশ জুড়ে অক্সিজেনের ঘাটতি রুখতে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

অক্সিজেনের অভাবে রাজধানীতে যেন মৃত্যুমিছিল লেগে গিয়েছে। শুধু দিল্লিই নয়, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে অক্সিজেনের আকালের খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে অভাব পূরণে বড় পদক্ষেপ করা হল কেন্দ্রের পক্ষ থেকে। জানা গেছে, পর্যাপ্ত অক্সিজেন প্ল্যান্ট না থাকায় যেখানে ঘাটতি বেশি, সেখানে অক্সিজেন পৌঁছতে অনেক সময় লেগে যাচ্ছে। যেখানে চাহিদা বেশি, এবার সেখানেই উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। এর আগেও দেশে  মোট ১৬২টি অক্সিজেন তৈরির কারখানা গড়ার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র।

 

যা এখনও বাস্তবায়িত হয়নি। বিরোধীরাও অভিযোগ করতে শুরু করেছেন, গত বছরেই অতগুলো উৎপাদন কেন্দ্র গড়ে তোলা সম্ভব হলে বর্তমানে অক্সিজেনের এই পরিমাণ ঘাটতি দেখা দিত না। ঘাটতি মেটাতে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে অক্সিজেন স্পেশাল ট্রেন চালানো, বায়ুসেনার বিমানে এয়ারলিফট করে অক্সিজেন কন্টেনার নিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কয়েকদিনে।

Related Articles

Back to top button