স্পুটনিক ভি হল প্রথম রাশিয়ার ভ্যাকসিন রাজ্যে নতুন আশার আলো দেখাচ্ছে
বিভাস ভট্টাচার্য: ভ্যাকসিন সঙ্কটে আশার আলো। শনিবার ১ মে দেশে আসছে করোনার তৃতীয় প্রতিষেধক স্পুটনিক ভি। রাশিয়ার রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এই ভ্যাকসিন পাঠাচ্ছে। রাজ্যে ভ্যাকসিন ট্রায়ালের ক্লিনিক্যাল ফেসিলেটর স্নেহেন্দু কোনার জানিয়েছেন, রাশিয়া থেকে দিল্লিতে আসার পর ভ্যাকসিন পাঠানো হবে কসৌলি সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিতে। কোভ্যাক্সিন বা কোভিশিল্ড দেশে প্রস্তুত হলেও স্পুটনিক ভি হল প্রথম ভ্যাকসিন যা বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। গত ১২ এপ্রিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে সর্বসাধারণের কাছে পৌঁছতে কয়েকদিন সময় লাগবে।
স্পুটনিক ভি হল প্রথম বিদেশি ভ্যাকসিন যার এই রাজ্যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। বেসরকারি হাসপাতাল পিয়ারলেস-এ এই ট্রায়ালের দায়িত্বে ছিলেন চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক। শুভ্রজ্যোতির কথায়, এই রাজ্য-সহ গোটা দেশে ১৫০০ লোকের ওপর এই ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে। দেখা গেছে, রাশিয়ান পপুলেশনে এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯১.৬ শশতাংশ।
ট্রায়ালের পর যে অন্তর্বর্তী রিপোর্ট তৈরি করা হয়েছে তার ওপর ভিত্তি করেই আমাদের দেশের সরকার এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে। এই ভ্যাকসিনের কার্যকারিতা খুবই বেশি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। দুটি ডোজে এই ভ্যাকসিনটি দেওয়া হয়। প্রথম ডোজের ২১ দিনের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হয়। দেখা গেছে, যাদেরকে স্পুটনিক ভি-এর দুটি ডোজ দেওয়া হয়েছে তাঁদের করোনা এখনও হয়নি।
আপাতত স্পুটনিক ভি রাশিয়া থেকে এলেও আগামী দিনে এটি দেশেও প্রস্তুত করা হবে। দেশের ছ’টি ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্নেহেন্দুবাবু।


