জাতীয়

খুনি’‌ মন্তব্যের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ নির্বাচন কমিশন

ওয়েবডেস্ক:‌ নির্বাচন কমিশনের জন্যই  দেশে করোনার দ্বিতীয় ঢেউ এরকম মারাত্মক আকার ধারণ করেছে। কমিশনের আধিকারিকদের ফাঁসিকাঠে ঝোলানো উচিত। কিছুদিন আগেই মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জি এই কথা বলেছিলেন। এমনকি কমিশনের বিরুদ্ধে ‘‌খুনের’‌ মামলা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এরই প্রেক্ষিতে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল কমিশন। এই আবেদনের শুনানি হবে ৩ মে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এম আর শাহ’‌র ডিভিশন বেঞ্চে। কমিশনের তরফে আইনজীবী অমিত শর্মা বলেছেন, ‘‌আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছি।’‌

কিছুদিন আগে মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণের পর কমিশন জানিয়েছিল, সংবাদমাধ্যম যেন আদালতের শুনানির সময় বিচারপতির মৌখিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে খবর না করে। এই বিষয়টি হাইকোর্টকে দেখার আবেদন জানিয়েছিল নির্বাচন কমিশন।

তারও আগে মাদ্রাজ হাইকোর্টের তরফে বলা হয়েছিল, উপযুক্ত ব্যবস্থা না নিলে ২ মে গণনাও বন্ধ করা হতে পারে। যদিও কমিশনের তরফে গণনা নিয়ে উপযুক্ত সাবধানতা অবলম্বনের কথা জানানো হয় মাদ্রাজ হাইকোর্টে। এরপরই আজ দেশের পাঁচ রাজ্যে গণনা শুরু হয়েছে।

তথ্যসূত্র:আজকাল

Related Articles

Back to top button