মরণোত্তর দেহদান ও অঙ্গদানে অঙ্গীকার করলেন একসাথে তিনজন
করোনা মহামারীর আবহেও মরণোত্তর দেহদান ও অঙ্গদানে অঙ্গীকার করলেন একসাথে তিনজন জলপাইগুড়ির বাসিন্দা, তারা হলেন দেশবন্ধু পাড়ার বাসিন্দা স্বর্ণলিপি হালদার, হাকিম পাড়ার বাসিন্দা চিকিৎসক ডাক্তার রজত ভট্টাচার্যের স্ত্রী শুভ্রা ভট্টাচার্য ও কদমতলার বাসিন্দা তথা জলপাইগুড়ি মহিলা কল্যাণ সংঘের সম্পাদিকা সুচিত্রা সেনগুপ্ত । জলপাইগুড়ি সাইন্স এন্ড নেচার ক্লাবের তত্ত্বাবধানে ও আইনজীবী দেবপ্রিয়া সেনের উদ্যোগে সকলে মরণোত্তর দেহদানে অঙ্গীকার করলেন ।
জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ড: রাজা রাউত ও সদস্য গৌতম মাহাতোর উপস্থিতিতে তারা অঙ্গীকারবদ্ধ হন । সকলেই জানান যে মৃত্যুর পর ওনাদের দেহ ও অঙ্গ যেনো চিকিৎসাবিজ্ঞানের কাজে ও মুমুর্ষ কোনো রোগীর প্রয়োজনে ব্যবহার করা হয়। দেহদান ও অঙ্গদান মানুষের জন্য, বিজ্ঞানের উন্নতির জন্য, তাই সকলকেই এই মহান উদ্যোগে এগিয়ে আসা উচিৎ। এই উদ্দেশেই জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের নিকট তারা অঙ্গীকার করলেন ।
জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ড: রাজা রাউত জানান এটা একটা আন্দোলন, মানুষ যাতে কুসংস্কার মুক্ত হন, যুক্তি ও বিজ্ঞান কে নিয়ে এগিয়ে যান, চিকিৎসা বিজ্ঞানে সহায়ক এই উদ্যোগে সমাজের বহু মানুষ উপকৃত হবেন। তিনি তাদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।



