বাংলা ভাঙ্গতে কিছুতেই দেবো না:পার্থ
বাংলা ভাঙ্গতে কিছুতেই দেবো না:পার্থ
বাংলার রাজনীতিতে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে,উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তোলায় বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে রাজ্যে। জন বার্লার পথে হেঁটেই রাঢ়বঙ্গকে আলাদা রাজ্য করা নিয়ে মন্তব্য করেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেই মন্তব্যের জেরে সৌমিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি বাবলু কর এই এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, সৌমিত্রের মন্তব্য উসকানিমূলক, তা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। এই মর্মে আলিপুরদুয়ার থানায় দায়ের হয়েছে অভিযোগ। এমনি পরিস্থিতির মাঝে একটা সামাজিক সংগঠন সবে জন্ম নিচ্ছে উস্কানিমূলক বঙ্গভঙ্গের বিরোধিতা করে। ঠিক যেন বিনা মেঘে বজ্রপাতের মত।
ভোট, সন্ত্রাস, উত্তরবঙ্গ নিয়ে বিতর্কের মাঝেই সারা বিশ্ব জুড়ে সকল বাঙালি ও বাংলা প্রেমী মানুষকে সচেতন ও সংঘবদ্ধ করার ডাক দিলো আন্তর্জাতিক বাংলা পরিষদ নামের এক বাঙালি সংগঠন।বিভিন্ন দাবি এবং একগুচ্ছ কর্মসূচী নিয়ে আগামী ১লা জুলাই, কোলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করবেন তাঁরা। সংস্থার কর্ণধার শ্রী পার্থ গোস্বামী জানান, ” এই মুহুর্তে পৃথিবীর সমস্ত বাঙালিদের এক করতে হবে। আর একবার বাংলা ভাঙ্গতে কিছুতেই দেবো না। বাংলার মুখকে বিশ্বের মুখ করে তুলবো।”
এক নতুন বঙ্গভঙ্গ আন্দোলনের ডাক শোনা যায় সংস্থার বাকি সদস্য অভিজিৎ ব্যানার্জি, রাণা দাস, সুদীপ্ত সোম, দুলাল মল্লিক দের গলায়।
সংগঠনের মুখপাত্র পার্থ বাবু এবং অভিজিৎ বাবুর সাথে কথা বলে জানা যায়, বেশ বড় একটা কর্মসূচি নিয়ে তাঁরা আত্মপ্রকাশ করবেন।
পার্থ বাবুর কথায়, ” বাংলার জাত্যভিমান ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। তার সাথে বিভিন্ন বিষয়, স্বনির্ভর কর্মসংস্থান, সবার জন্য শিক্ষার ব্যবস্থা, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ, সব কিছু নিয়ে আমাদের কর্মসূচী ঘোষণা করা হবে। আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।”
সব মিলিয়ে একটা কৌতুহল তৈরী করে দিয়েছে এই সংগঠন। বলা বাহুল্য, অরাজনৈতিক সংগঠন হিসেবে গোটা বিশ্বের বাঙালিদের নিয়ে এত বৃহৎ পরিসরে এর আগে কেউ ভেবেছে কিনা, সাম্প্রতিক কালে তা ভাবার বিষয়।
সবথেকে জরুরী যে কথাটা তাদের কাছে জানা গেল, দেশের সর্বস্তরের নেতৃত্বে তারা ”বাংলার মুখ” চাইছেন।
সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে পার্থ গোস্বামী এবং বাকিরা কি বলেন বা বলা ভালো চমক দেন সেটাই দেখার।।



