রাজ্য

করোনা নিয়ন্ত্রণে অরণ্যশহরে কন্টেনমেন্ট জোন, দু’দিন লকডাউন

করোনা নিয়ন্ত্রণে অরণ্যশহরে কন্টেনমেন্ট জোন, দু’দিন লকডাউন

স্বপ্নীল মজুমদার:-ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরে করোনা সংক্রমণ ঠেকাতে ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা কন্টেনমেন্ট জোন করা হল। সোমবার রাতেই ওই দু’টি ওয়ার্ডের নির্দিষ্ট এলাকাগুলিতে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের জেলাশাসক জয়সি দাশগুপ্তের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে মঙ্গলবার ভোর পাঁচটা থেকে ১১ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত ওই দু’টি ওয়ার্ডের নির্দিষ্ট এলাকা কন্টেনমেন্ট জোনের আওতায় থাকবে। জেলা প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী, কলকাতা বিরিয়ানি হাউস থেকে মিরাজ স্টুডিও হয়ে লায়ন্স মডেল স্কুল ক্রসিং এবং সেখান থেকে মাদার নার্সিং হোম পর্যন্ত এবং সুধীর মাইতির বাড়ি থেকে আরণ্যক আবাসন চত্বর পর্যন্ত কন্টেনমেন্ট জোনের আওতায় থাকছে। কন্টেনমেন্ট জোনে কেবল ওষুধ দোকান, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভাগ এবং এটিএম খোলা থাকবে। জরুরি পরিষেবার দপ্তর বাদে অন্যান্য সমস্ত দপ্তর বন্ধ থাকবে। অ্যাম্বুল‍্যান্স ও জরুরি স্বাস্থ্য পরিষেবার গাড়ি ছাড়া অন্য কোনও যানবাহন চলবে না। কন্টেনমেন্ট জোনে কেউ ঢুকতে বা বেরোতে পারবেন না। সেই সঙ্গে ঝাড়গ্রাম শহরে দু’দিনের লকডাউনও হচ্ছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। এই দু’দিন শহরে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। দোকানবাজার, সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

Related Articles

Back to top button