মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ নিয়ে বিশৃঙ্খলা! রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বিজেপি
মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ নিয়ে বিশৃঙ্খলা! রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বিজেপি
গতকালই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। বিধানসভা অধিবেশন শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুলের নাম ঘোষণা করতেই ওয়াকআউট করে বিজেপি। এবার স্পিকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে নালিশ জানাতে যাচ্ছে বিজেপি-র পরিষদীয় দল।
আগামী মঙ্গলবার বিকেলে বিজেপি পরিষদীয় দলের পাঁচজন সদস্যকে নিয়ে রাজভবন যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জানা গেছে, মৌখিকভাবে রাজ্যপালকে বিষয়টি জানানোর পাশাপাশি একটি লিখিত অভিযোগপত্রও দেওয়া হবে। শুক্রবার অধিবেশন শেষ হওয়ার পরেই বিষয়টি নিয়ে বিজেপি-র রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে শুভেন্দুর। এরপরই স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজভবন যাওয়ার সিদ্ধান্ত নেন নন্দীগ্রামের বিধায়ক।
শুক্রবার অধিবেশন শেষে স্পিকার পিএসি-র চেয়ারম্যানের নাম ঘোষণা করতেই ওয়াকআউট করেছিলেন বিজেপি বিধায়করা। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়ার কথা বলেন তাঁরা। সেই লক্ষ্যেই প্রথমে বিধানসভার যাবতীয় কমিটির চেয়ারম্যান পদ থেকে দলীয় বিধায়কদের ইস্তফার বিষয়টি নিশ্চিত করেন বিরোধী দলনেতা। তারপরেই রাজভবনের কাছে সময় চাওয়া হয়।
বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে রাজভবন থেকে বিরোধী দলনেতাকে সময় দেওয়া হয়েছে। রাজ্যপালকে দেওয়া প্রতিবাদপত্রটি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে। এদিকে বিজেপি সূত্রে খবর, পরিষদীয় রাজনীতিতে বিরোধী দলের অধিকারকে কীভাবে শাসকদল খর্ব করছে, এই বিষয়টিই মূলত তুলে ধরা হবে রাজ্যপালের সামনে।



