জাতীয়

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান লজ্জার: অধীর

নয়াদিল্লি, 17 অক্টোবর : বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থানস্খলনে মোদি সরকারের তুলোধনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী   ৷ বিষয়টি নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দেন তিনি ৷ উল্লেখ্য, বিশ্ব ক্ষুধা সূচকে মোট 116 টি দেশের কথা বলা হয়েছে ৷ যে দেশের অবস্থা যত খারাপ, তার স্থান তত পিছনে ৷ 2021-এর এই তালিকায় ভারতের স্থান 101 ৷ যা যথেষ্ট উদ্বগজনক বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ যদিও কেন্দ্রের দাবি, যে পদ্ধতিতে এই হিসাব করা হয়েছে, তা নাকি ভুল ! আর সেই কারণেই এই সূচককে একবাক্যে খারিজ করে দিয়েছে মোদি সরকার ৷
অধীর ছাড়াও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আরও দুই প্রবীণ নেতা ৷ তাঁদের মধ্যে অন্যতম কপিল সিবল ৷ টুইটারে মোদির উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘‘ধ্বংসের জন্য অভিনন্দন মোদিজি ৷ 1) দারিদ্র্য, 2) ক্ষুধা, 3) বিশ্বশক্তি হিসাবে ভারতের গঠন, 4) আমাদের ডিজিট্যাল অর্থনীতির জন্য, 5)… আরও অনেক কিছু ৷ বিশ্ব ক্ষুধা সূচক, 2020 : ভারতের স্থান ছিল 94 ৷ আর 2021 : ভারতের স্থান 101 ৷’’
কেন্দ্রের এই আচরণেই ক্ষুব্ধ অধীর ৷ তাঁর মতে, ভারতের এই অবস্থা নিঃসন্দেহে অভাবনীয় এবং লজ্জার ৷ কিন্তু, তার থেকেও বেশি লজ্জার বিষয় হল, কেন্দ্র এই সত্যকে স্বীকার করতে নারাজ ৷ বরং, তারা নানা অজুহাত খাড়া করে সূচক নির্ণয়ের গোটা প্রক্রিয়াটাকেই খারিজ করে দিতে উঠে পড়ে লেগেছে ৷ অধীরের অভিযোগ, দেশে যে দারিদ্র্য এবং অনাহার ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে, তা কোনও মতেই মানতে রাজি নয় সরকার ৷ অধীরের আশঙ্কা, উল্টে হয়তো এই সূচকের গায়ে দেশবিরোধী, ভারতবিরোধী এবং মোদিবিরোধী তকমা সেঁটে দেওয়া হবে ৷

Related Articles

Back to top button