Karnataka Hijab Row : ‘মহিলাদের পোশাকের কারণে ধর্ষণ বাড়ছে…’, বলার কারনে ক্ষমাপ্রার্থী বিজেপি বিধায়ক
বেঙ্গালুরু : হিজাব পরিহিত শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকতে না দেওয়া নিয়ে এই বিতর্কের সূত্রপাত। তারপর এই বিতর্ক ঘিরে আরও জলঘোলা হয়েছে। এই ঘটনা ঘিরে বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন মন্তব্য করার জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এইবার মহিলাদের পোশাক নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন কর্নাটকের বিজেপি বিধায়ক এম পি রেনুকাচর্য। তিনি বুধবার দাবি করেছেন, মহিলাদের পোশাকের দরুন ধর্ষণের ঘটনা বাড়ছে। তিনি দাবি করেছেন, মহিলারা এমন পোশাক পরেন যাতে পুরুষরা ‘উত্তেজিত’ হয়ে ওঠে। এই মন্তব্যের পাশাপাশি তিনি বলতে চেয়েছেন, মহিলাদের কলেজে ইউনিফর্ম পরে যাওয়া উচিত নয়তো এমন পোশাক পরা উচিত যা তাঁদের পুরো শরীর ঢেকে রাখে। তাঁর এহেন মন্তব্যের জেরেই বিতর্ক আরও দানা বেঁধেছে।
উল্লেখ্য, বিজেপি বিধায়কের এই মন্তব্য নতুন নয়। কোনও ধর্ষণের ঘটনা সামনে আসলে ধর্ষকের বদলে ধর্ষিতার দিকেই বেশি আঙুল তোলা হয়। ধর্ষিতার পোশাক, তাঁর রাত্রিবেলা বাইরে বের হওয়া নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু মানুষের শুভ বুদ্ধি হয় না। বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে নতুন করে বিতর্ক দানা বাধতে পারে এই উপলব্ধি হওয়ায় মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব জানিয়েছেন যে, তিনি মহিলাদের কাছে ক্ষমা চাইবেন যদি বিধায়কের বিবৃতি মহিলাদের আঘাত করে থাকে। বিজেপি বিধায়ক তাঁর বিবৃতির পরও নিজেও বলেছেন, “যদি আমার বক্তব্য়ে কোনও বোনের আঘাত লেগে থাকে আমি নিশ্চয় ক্ষমা চাইব। আমি তাঁদের সম্মান করি।”
তিনি আরও বলেছেন, “প্রিয়াঙ্কা গান্ধী একজন নারী, একজন কংগ্রেস নেতা…..আমরা নারীদের মৌলিক অধিকার (হিজাব ইস্যুতে) নিয়ে প্রশ্ন তুলছি না। কেরালা এবং বম্বে হাইকোর্ট বলেছে যে স্কুল এবং কলেজগুলিতে ইউনিফর্ম বাধ্যতামূলক। সরকারও একই কথা বলেছে। মেয়ে ছাত্রীর (পোশাক) জন্য বিকিনি শব্দ ব্যবহার করা অবজ্ঞাজনক।” তিনি প্রিয়াঙ্কা গান্ধীকে তাঁর বিবৃতি তুলে নিতে এবং মহিলা ছাত্রীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন। তিনি দিল্লির সংবাদ মাধ্যমকে বলেছেন, “ধর্ষণের ঘটনা বাড়ছে কারণ মহিলাদের পরা কিছু পোশাকে পুরুষরা উত্তেজিত হয়ে উঠছে। মহিলাদের এরকম পোশাক পরা উচিত নয়। আমরা তাঁদের মা হিসেবে দেখি।”।
গতকাল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা টুইট করেছিলেন, “বিকিনি হোক বা ঘোমটা, জিন্স হোক বা হিজাব- মহিলারা কী পরবেন এটা সম্পূর্ণ তাঁদের অধিকার। ভারতীয় সংবিধানে এই অধিকার নিশ্চিত করা হয়েছে। মহিলাদের হেনস্থা করা বন্ধ করুন।” প্রিয়াঙ্কার গান্ধীর এই টুইটের জবাবেই পাল্টা টুইট করেন কর্নাটকের বিজেপি বিধায়ক এম পি রেণুকাচর্য। তিনি টুইটে প্রিয়াঙ্কা গান্ধীকে বিকিনি নিয়ে কথা বলার জন্য আক্রমণ করে তিনি লেখেন, “‘বিকিনি’ এর মতো শব্দ ব্যবহার করা একটি নিম্ন স্তরের উদ্ধৃতি। কলেজে পড়াশোনার সময় বাচ্চাদের পুরো ঢাকা পোশাক পরা উচিত।”



