ঘিঞ্জি বাজারে সাধারণের সঙ্গে মিশে ‘শপিং’, একটা জিনিস দেখেই যুবককে চিনে ফেলেছিলেন গোয়েন্দারা! চরম নাশকতার ছক ফাঁস

শিলিগুড়ি: শিলিগুড়িতে গ্রেফতার হয়েছে কেএলও জঙ্গি। গোপন সূত্রে এসটিএফ জানতে পারে, শিলিগুড়িতে এসে অর্থ সংগ্রহ করছে কেএলও জঙ্গিদের একটি দল। উত্তরবঙ্গে কেএলও নতুন করে মাথাচাড়া দিচ্ছে বলে গোয়েন্দাদের কাছে খবর ছিল। এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, কেএলও-র একটি দল অসম থেকে শিলিগুড়িতে এসে ছড়িয়ে পড়ে। তারা মূলত অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ। শিলিগুড়ির অন্যতম বাণিজ্যিক এলাকা খালপাড়া এলাকা থেকে অবিনাশ রায় নামে এক জনকে এসটিএফ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃত অসমের শ্রীরামপুরের বাসিন্দা। এসটিএফের ধারণা, আরও কয়েকজন সঙ্গী শিলিগুড়িতেই রয়েছে। তাদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। নতুন করে কেএলও জঙ্গি গ্রেফতার হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উত্তরবঙ্গের ছটি জেলা এবং নিম্ন অসমের ৭ টি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে সহিংস আন্দোলনে নেমেছিল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। দীর্ঘ ২৫ বছর ধরে আন্দোলন চালিয়ে অবশেষে মায়ানমারে আশ্রয় নিয়ে আছেন এই জঙ্গি সংগঠনের সর্বাধিনায়ক জীবন সিংহ এবং তাঁর সঙ্গে কয়েকশো কেএলও জঙ্গি ।
অবিনাশ শিলিগুড়ির জনবহুল এলাকাতে আর পাঁচ জনের সঙ্গে মিশেই ঘোরাঘুরি করছিল। বৃহস্পতিবার রাত তখন সাড়ে দশটা। খবরটা আগে থেকেই গোয়েন্দাদের কাছে ছিল। মাফলারে সেসময় মুখ ঢাকেনি অবিনাশ। অরক্ষিত মুখে সঙ্গে মিলে গিয়েছিল গোয়েন্দাদের কাছে থাকা পাসপোর্ট ছবির মুখটাও। প্রথমে জিজ্ঞাসাবাদ, তারপরই ঝুলল হ্যান্ড কাফ।
উল্লেখ্য, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের জন্ম ১৯৯৫ সালে। তোমির দাস ওরফে জীবন সিংহ আলিপুরদুয়ারের উত্তর হলদিবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর হাত ধরেই কেএলও-র জন্ম। এবং প্রথম থেকেই কেএলও উত্তর পূর্ব ভারতের বরো ও বরো জঙ্গি গোষ্ঠী এনডিএফবি-র খুব ঘনিষ্ঠ। কেএলও গোষ্ঠী উলফা গোষ্ঠীরও খুব ঘনিষ্ঠ। জীবন সিংয়ের নেতৃত্বাধীন কেএলও গত কয়েক মাস ধরেই সক্রিয় হয়ে উঠেছে। গত দুমাসে অন্তত চারটি ভিডিয়ো বার্তা দিয়েছেন কেএলও চেয়ারম্যান জীবন সিংহ। শিলিগুড়িতে নতুন করে কেএলও জঙ্গি গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


