চিকিৎসকের পাঁচ লক্ষ টাকা দান হাসপাতাল নির্মাণকল্পে

নিজস্ব সংবাদদাতা : হাসপাতাল নির্মাণকল্পে পাঁচ লক্ষ টাকা দান করলেন কলকাতা পি জি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান, রাজ্যের কৃতি চিকিৎসক অধ্যাপক তারক নাথ ঘোষ।রবিবার হরিপাল শ্রমজীবী হাসপাতালের নির্মাণ কার্যে সহযোগিতা স্বরূপ চেক তুলে দেন বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির সম্পাদক চিকিৎসক অনিল সাহার হাতে। এদিন তারক নাথ বাবু বলেছেন, পাঁচগাছিয়ার পাশের গ্রাম গোপীনাথপুরে তাঁর জন্ম। পাশের গ্রামেই এমন একটা উদ্যোগ গড়ে উঠছে, যা তাঁকে গর্বিত করেছে। এই উদ্যোগের পাশে দাঁড়াতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এই অর্থ তিনি তুলে দিয়েছেন চিকিৎসক দিদি ডাক্তার রমা ঘোষের স্মৃতি রক্ষার্থে। একই সঙ্গে ওনার সহধর্মিণীও এদিন হরিপাল শ্রমজীবী হাসপাতালে দুটি শয্যা দান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির সহসম্পাদক গৌতম সরকার, হরিপাল শ্রমজীবী হাসপাতালের সম্পাদক সন্দীপন চ্যাটার্জি সহ অন্যান্যরা। প্রসঙ্গত হাসপাতাল ভবন নির্মাণের কাজ চলছে জোর কদমে। পাশাপাশি সপ্তাহে সাতদিনই চলছে বহির্বিভাগের কাজ। গ্রামীণ মানুষ চিকিৎসা পাচ্ছেন, চিকৎসকের পরামর্শ পাচ্ছেন প্রতিদিন মাত্র ১১টাকার বিনিময়ে। যাঁরা সেটাও দিতে পারছেন না, তাঁদের থেকে নেওয়া হচ্ছে না।


