রাজ্যের টাকা লক্ষীর ভান্ডার কেন্দ্রের নয়

নিজস্ব সংবাদদাতা : লক্ষীর ভান্ডার রাজ্যের টাকা। এই ভাতা প্রদানে রাজ্য যে কোনওভাবেই পিছিয়ে আসবে না বুধবার নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠানে একথা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার কথায়, ‘এটা হতে পারে না যে আধার কার্ড না থাকলে লক্ষীর ভান্ডার পাওয়া যাবে না।’ বিরোধী দলের সমালোচনায় মমতা বলেন, ‘লক্ষীর ভান্ডার নিয়েও কেন্দ্রকে চিঠি লিখেছে। বলছে কেন্দ্রের টাকা নাকি অপব্যবহার করছে। এটা রাজ্যের টাকা।’ কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের দিকে আঙুল তুলে মমতার অভিযোগ, সরকারের সঙ্গে কথা না বলে দল যা বলে সেটাই করে। আগের মতই সদ্য হয়ে যাওয়া দুয়ারে সরকার প্রকল্পে বিভিন্ন সমস্যার সমাধানে এসেছিলেন সাধারণ মানুষ।
এদিন সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘এবারের দুয়ারে সরকারেও ৫০ লক্ষ মানুষ এসেছেন। আমি চাই প্রতিটা দাবি সহানুভূতির সঙ্গে দেখা হোক।’ তিনি যে সাধারণ মানুষেরই প্রতিনিধি সে বিষয়ে মঞ্চে উপস্থিত রাজ্য সরকারের পদস্থ কর্তাদের উদ্দ্যেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘যত উদ্বাস্তু কলোনী আমরা চিহ্নিত করেছি, সেখানে সবাইকে পাট্টা দিয়ে দাও।’ পাশাপাশি হাতির হানায় মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘হাতির হানায় মৃত্যু হলে ৫ লক্ষ টাকা দেওয়া হয়। সেইসঙ্গে একটা বনকর্মীর চাকরির ব্যবস্থাও করা হবে।’



