ঝুলন্ত দেহ উদ্ধার আপ নেতার , বিজেপির পূর্ণাঙ্গ তদন্তের দাবি

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেনে বাড়ি থেকে উদ্ধার হয় আপ নেতা সন্দীপ ভরদ্বাজের (৫৫) মৃতদেহ। দলীয় নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিজেপি আবার আপ নেতার রহস্যমৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।
হাসপাতাল থেকেই আপ নেতার মৃত্যুর খবর পায় পুলিশ। জানা গেছে রাজনীতির পাশাপাশি পেশায় ব্যবসায়ী ছিলেন সন্দীপ। ভরদ্বাজ মার্বেলের মালিক ছিলেন তিনি। ডিভোর্সী ভরদ্বাজের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর বলেছেন, ‘কিছুদিন আগেও যিনি রাজনীতির পাশাপাশি ব্যবসার কাজ সামলাতেন, সেই মানুষটা আচমকা এভাবে আত্মহত্যা করলেন কেন? দিল্লির মানুষ জানতে চায়। পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক।’ কেজরিওয়াল জানিয়েছেন, ‘আপ নেতা সন্দীপ ভরদ্বাজের মৃত্যুতে মর্মাহত। তাঁর পরিবারের পাশে দল রয়েছে।’


