‘এশিয়া কাপে ভারত না এলে আমরাও বিশ্বকাপ খেলতে ওখানে যাব না’, স্পষ্ট করলেন রামিজ

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডকে রীতিমতো হুমকি দিয়ে বসলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।আগামী বছর ভারতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। তার ঠিক আগেই পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। সেই টুর্নামেন্টে ভারত যদি অংশ না নেয়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। এমনটাই জানালেন পিসিবি’র চেয়ারম্যান।
রামিজের দাবি পাকিস্তান ক্রিকেট দল গত দু’বছর ধরে ভাল ক্রিকেট খেলছে। তাঁর কথায়, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ভারত এশিয়া কাপ খেলতে এলে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব। না হলে ওদের যা করার করতে দিন। এটুকু বলতে পারি, পাকিস্তানকে ছাড়াই সেক্ষেত্রে বিশ্বকাপ খেলতে হবে। আর পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে, তাহলে বিশ্বকাপ দেখবে কে? আমরা এই বিষয়ে আগ্রাসী মনোভাব নিয়েই চলব। আমাদের দল ভাল খেলছে। বড় দলকে হারাচ্ছে। টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে। বারবার বলেছি, পাক ক্রিকেট বোর্ডের আর্থিক উন্নতি তখনই হবে, যখন দল ভাল খেলবে। ২০২১ টি২০ বিশ্বকাপে আমরা ভারতকে হারিয়েছি। গত এশিয়া কাপেও হারিয়েছি।’
এটা ঘটনা এর আগে ২০০৯ সালে পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করেছিল। সে বছরই লাহোরে গদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা দলের উপর নাশকতামূলক হামলা চালানোর সব দেশই পাকিস্তানে খেলতে যাওয়ার ক্ষেত্রে ‘না’ বলে দেয়। এরপর ২০১৫ সালে জিম্বাবোয়ে একদিনের সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল। এরপর চলতি বছর অস্ট্রেলিয়াও গিয়েছিল। ইংল্যান্ড যাবে আগামী মাসে। এবার রামিজ চাইছেন ভারতও আসুক এশিয়া কাপ খেলতে। নাহলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিল পিসিবি।


