ভালুক ধরার জন্য পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ, ছাড়া হল গরুমারায়

নিজস্ব সংবাদদাতা: ভালুক ধরার জন্য খাঁচা পাতা হয়েছিল।কিন্তু সেই খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। শনিবার ভোটে জলাইগুড়ির মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত চলতি মাসেই কিলকোট চা বাগানে ভালুকের আতঙ্ক তৈরি হয়েছিল। বাগানে কাজ করার সময় কয়েক জন শ্রমিক ভালুক দেখতে পান বলে দাবি করেন। কিন্তু বনকর্মীরা এসে খোঁজ চালালেও ভালুকের কোনওহদিস মেলেনি।
এরপর ভালুক ধরার জন্য বন দপ্তরের তরফে চা বাগানের ১২ এবং ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় খাঁচা বসানো হয়। সেই খাঁচাতেই শুক্রবার গভীর রাতে পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটি ধরা পড়ল। শনিবার ভোরে বাগানের শ্রমিকেরা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে তাঁরা দেখেন একটি চিতাবাঘ খাঁচায় বন্দি হয়েছে। খবর দেওয়া হয়, বনবিভাগের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচা–সহ চিতাবাঘ গরুমারায় নিয়ে যান। চিতাবাঘটি সুস্থ থাকায় শনিবার সকালেই গরুমারা জাতীয় উদ্যানে চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হয়।



