রাজধানী এক্সপ্রেসে অমলেটের সঙ্গে মিলল আরশোলাও! ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ যাত্রীর

নিজস্ব সংবাদদাতা: ফের ভারতীয় রেলের পরিষেবা নিয়ে উঠল অভিযোগ। এবার রাজধানী এক্সপ্রেসে। ট্রেনে পরিবেশন করা সিঙারায় প্লাস্টিকের কুচি, খাবারের মান ভাল নয়, খাবারে কীটপতঙ্গের অভিযোগ আগেও অনেকবার উঠেছে। এবার ট্রেনে পরিবেশিত খাবারে আরশোলার খোঁজ পেলেন এক যাত্রী। তিনি সেই খাবারের ছবি তোলেন। এবং টুইটারে সেই ছবি পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দেন।
পরিবার নিয়ে দিল্লি-মুম্বই রাজধানী এক্সপ্রেসে সওয়ার হয়েছিলেন যাত্রী। আর এই যাত্রাপথেই নিজের আড়াই বছরের শিশুর জন্য ট্রেনে অমলেট অর্ডার করেছিলেন। অমলেট তো এসেছে। কিন্তু না চাইতেও সেই অমলেটে যা পেয়েছেন তা হল আরশোলা। তারপর রেগে সেই ছবি তুলে টুইটারে পোস্ট করেন যাত্রী। তিনি সেই টুইটে ভারতীয় রেল এবং উপভোক্তা বিষয়ক, খাদ্য ও বণ্টন মন্ত্রী পীযূষ গয়ালকে ট্যাগো করেন।
তিনি টুইটে লেখেন, ‘১৬ ডিসেম্বর ২০২২, আমি দিল্লি থেকে ২২২২২২ করে যাত্রা করছিলাম। সকালে আমরা একটি অতিরিক্ত অমলেট আমাদের সন্তানের জন্য অর্ডার করি। নীচের ছবিতে দেখুন আমরা সেখানে কী পেয়েছি। একটি আরশোলা? আমার মেয়ের বয়স ২.৫ বছর। ওর কিছু হয়ে গেলে কে দায় নেবে।’
এই অভিযোগে সাড়া দিয়েছে রেলওয়ে সেবা। রেলযাত্রীদের অনলাইন সাপোর্ট সার্ভিসের তরফে জানানো হয়েছে,’এই অসুবিধার জন্য আমরা অনুশোচিত। স্যার অনুগ্রহ করে আপনার পিএনআর নম্বর ও মোবাইল নম্বর পাঠান।’ জানা গিয়েছে, পরে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করেছে ভারতীয় রেল। এই অবহেলার কারণে রাঁধুনের লাইসেন্স শীঘ্রই বাতিল করা হয়েছে। এই পরিষেবা প্রদানকারীর উপর ১ লক্ষ টাকার জরিমানাও ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। আর ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য প্য়ান্ট্রি কর্মীদের সতর্ক করা হয়েছে এবং একাধিক পদক্ষেপ করার কথা বলা হয়েছে।


