জন্মদিনেই লেখা ছিল মৃত্যু! নিথর দেহ উদ্ধার ক্লাব মালিক ও ১ মহিলার

নিজস্ব সংবাদদাতা: সোমবার গুরুগ্রামের একটি ক্লাবে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে সেই বিষয়ে কিছু স্পষ্টভাবে জানা যায়নি। স্বাভাবিকভাবেই মৃত্যু ঘিরে ঘনিয়েছে রহস্য। দু’জনের মৃত্যুর পাশাপাশি আরও দু’জনকে সঙ্কটজনক অবস্থায় পাওয়া গিয়েছে গতকাল। পুলিশ ইতিমধ্য়েই এরকম রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে। কোনও পরিকল্পিত খুন নাকি নেহাত কোনও দুর্ঘটনা তা খুঁজে বের করতে জারি রয়েছে তদন্ত।
প্রসঙ্গত, গুরুগ্রামের ডিএলএফ ফেজ-৩ তে একটি ক্লাব নাইট রাইডার । সেই ক্লাবের মালিক সঞ্জীব যোশী। রবিবার ছিল তাঁর জন্মদিন। আর এই বিশেষ দিন উদযাপনের জন্যই রবিবার রাতে নিজের ক্লাবে তিন মহিলার সঙ্গে গিয়েছিলেন সঞ্জীব যোশী। সেখানে উদযাপনের পর তাঁরা কিছু খাবার অর্ডার করেন বলে জানিয়েছে পুলিশ। আর তারপরেই তাঁরা ঘরে চলে যান। সেই ঘরে ছিল ফায়ার প্লেস। রবিবারের মতো এখানেই গল্প শেষ।
আর সোমবার সকালে অবচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করেন ক্লাবের কর্মীরা। পরীক্ষা করে দেখা যায় সঞ্জীব যোশী ও তিন মহিলার মধ্যে এক মহিলা মারা গিয়েছেন। বাকি দুই মহিলাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘরে ভেন্টিলেশনের অব্যবস্থার কারণেই এই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
তাঁরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, ফায়ার প্লেস সমেত ওই ঘরে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে তাঁদের এবং বাকিরা অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ আধিকারিক বিকাশ কৌশিক বলেছেন, ‘এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর মৃত্যুর আসল কারণ সম্বন্ধে জানা যাবে।’


