‘নির্বাচনী লড়াই থেকে হঠাতেই মিথ্যে অভিযোগ’, ক্যাপিটল হিল দাঙ্গা নিয়ে দাবি ট্রাম্পের

নিজস্ব সংবাদদাতা: ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা হয়ত সবার মনে আছে। সেই ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতেই চলছে তদন্ত। এই ঘটনার তদনন্তভার ছিল কংগ্রেশনাল কমিটির ওপর। সেই কমিটিই গতকাল অর্থাৎ সোমবার প্রস্তাব দেয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা হোক।
এদিকে এই ঘটনার দায় কোনওভাবেই মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। ক্য়াপিটল হিলে দাঙ্গা সংক্রান্ত সমস্ত অভিযোগ নস্যাৎ করে ট্রাম্পের অভিযোগ, তিনি যাতে ২০২৪ সালের নির্বাচনে লড়তে না পারেন সেই জন্যই এইসব অভিযোগ করা হচ্ছে।
প্রসঙ্গত, সদ্যই আমেরিকায় মিডটার্ম নির্বাচন সমাপ্ত হয়েছে। আর এই নির্বাচনের পরেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি প্রার্থী হতে চান। আর এই আবহে ক্য়াপিটল হিলে দাঙ্গা নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের পরামর্শ শাসক দলের তাঁকে নির্বাচন থেকে দূরে রাখার কৌশল বলেই অভিযোগ ট্রাম্পের।
এই অভিযোগের পাশাপাশি তিনি আবারও এই দাবি করেছেন যে ২০২০ সালের নির্বাচনে তিনিই জিতেছিলেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘৬ জানুয়ারির ঘটনার তদন্তে নিযুক্ত নিয়োজিত অনির্বাচিত কমিটি অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তারা ভুয়ো অভিযোগ জমা দিচ্ছে। তারা সরানোর জন্য প্রতারণা করছে।’ তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে এই মামলা করার গোটা বিষয়টিই সরিয়ে দেওয়ার মতো- আমাকে এবং রিপাবলিকান পার্টিকে পাশ কাটিয়ে দেওয়ার একটি পক্ষপাতদুষ্ট চেষ্টা মাত্র।’
প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনের ফলাফলে মান্যতা দিতে ইলেক্টোরাল কলেজদের নিয়ে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছিল। তারিখটা ছিল ২০২১ সালের ৬ জানুয়ারি। সেদিনই ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। সেই হামলার ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে ঘুরে বেড়ায়। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, মার্কিন কংগ্রেসের দরজা ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছেন ট্রাম্প সমর্থকরা। অভিযোগের তির যায় ট্রাম্পের দিকেই। বলা হয় ট্রাম্পের মদতেই এই হামলা চালিয়েছিল তাঁর সমর্থকরা। শুধু তাই নয়, ক্যাপিটল হিল হামলার নথি নষ্ট করার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে সব অভিযোগই নাকচ করে দিয়েছেন তিনি।


