আন্তর্জাতিক

রাত ১২টায় সরকারি কর্মী থেকে সমাজকর্মীদের কাছে এল ফোন, বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: রাত ১২টায় ঘণ্টা বাজতেই একে একে আমলা, সামরিক বাহিনীর কর্তা থেকে শুরু করে সমাজসেবী ও সমস্ত সরকারি কর্মীদের কাছে এল একটি ফোন। ও প্রান্ত থেকে ‘মেরি খ্রিস্টমাস’ বলে শুভেচ্ছা জানালেন এক ব্যক্তি। সঙ্গে ধন্যবাদ জানালেন, কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের জন্য। ওই ব্যক্তি আর কেউ নন,  ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক । প্রধানমন্ত্রীর এই ফোন পেয়ে আপ্লুত কর্মীরা। একজন প্রধানমন্ত্রী যে ব্যক্তিগতভাবে সকলকে ফোন করে বড়দিনের শুভেচ্ছা জানান। চলতি বছরকে  ‘অসাধারণ’ একটি বছর হিসাবে উল্লেখ করে তিনি কর্মীদের আত্মত্যাগ ও কাজের প্রতি নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান।

১০ ডাউনিং স্ট্রিটের তরফে জানানো হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী শুক্রবার সমস্ত আমলাদের ফোন করেন এবং খ্রিস্টমাসের শুভেচ্ছা জানান। সরকারি কর্মী থেকে শুরু করে সমাজকর্মী, সকলকেই ব্যক্তিগতভাবে ফোন করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই খ্রিস্টমাসে আপনি মোগাদিশুতেই কাজ করুন বা মিলটন কেইনসে, আমি আপনাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের আত্মত্যাগের জন্য।”

তিনি আরও বলেন, “নানা কারণে এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অসাধারণ। তবে সবচেয়ে বেশি, এটি এমন একটি বছর যেখানে ব্রিটেনের সত্যিকারের চেতনা প্রদর্শন করা হয়েছে, আমাদের ইউক্রেনীয় বন্ধুদের দেওয়া সমর্থন থেকে শুরু করে অন্যান্য দেশে যাদের সাহায্যের প্রয়োজন, তাদের কাছে সেই প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে।”

বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, “যারা এই খ্রিস্টমাসে কাজ করছেন, সেই সমস্ত বন্ধু, প্রতিবেশী, স্বেচ্ছাসেবক, সরকারি কর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আমি আপনাদের কাজে নিষ্ঠা ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানাতে চাই।”

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক যাদের ফোন শুভেচ্ছা জানান, তাদের মধ্যে অন্যতম হলেন পাকিস্তানের আমলা শেরওয়ান আসিফ। তিনি বিগত ১২ বছরেরও বেশি সময় ধরে ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনে কাজ করছেন। গত জুন মাসে পাকিস্তানে বন্যার সময়ও ব্রিটেনের তরফে সাহায্য পাঠাতে সদর্থক ভূমিকা পালন করেছিলেন তিনি।

Related Articles

Back to top button