জাতীয়

‘এবার রহস্য বেরিয়ে আসবে’, সিআইডি-র ফরেন্সিক দল বাড়ি পরিদর্শনের পর ‘আশা’য় লালন শেখের স্ত্রী

নিজস্ব সংবাদদাতা: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর তদন্ত শুরু করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। তাদের তদন্তপ্রক্রিয়ায় খুশি লালন শেখের স্ত্রী রেশমা বিবি। রবিবার, বড়দিন-এ সিআইডি-র ফরেন্সিক প্রতিনিধি দল লালন শেখের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের পর এমনটাই জানালেন রেশমা বিবি। এদিন ফের স্বামীর মৃত্যুর জন্য কেন্দ্রীয় গোয়েন্দাদেরই দায়ী করেন তিনি।

জানা গিয়েছে, এদিন দুপুরে লালন শেখের বাড়িতে যায় সিআইডির ফরেন্সিক প্রতিনিধি দল। এই দলে সায়েন্স ফরেন্সিক ল্যাবরেটরির চার সদস্য ছিলেন। তাঁরা প্রায় দু-ঘণ্টা লালন শেখের বাড়ির ভিতরে ছিলেন এবং গোটা বাড়ি খতিয়ে দেখে বিভিন্ন জায়গার নমুনা সংগ্রহ করেন। তাঁরা লালন শেখের স্ত্রী রেশমা বিবি সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেন। এরপরই সিআইডি-র তদন্ত প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন রেশমা বিবি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের লালন শেখের মৃত্যর জন্য সিবিআই-কে দায়ী করেন রেশমা বিবি। তবে এবার ন্যায় বিচার পাবেন আশা প্রকাশ করে তিনি বলেন, “সিবিআই হেফাজতে আমার স্বামী, আমার বাড়ি ছিল। দুটোই শেষ হয়ে গিয়েছে। আমার স্বামীর মৃত্যুর খবরও ওরা দেয়নি। আমি খবর পেয়ে ফোন করলেও ফোন ধরেনি। এর ন্যায় বিচার পাওয়ার জন্য আমি আদালতে মামলা দায়ের করেছি। আজ ফরেন্সিক গোয়েন্দারা এসেছিলেন। তদন্ত ঠিকমতো হচ্ছে। আশা করি, এবার রহস্য বেরিয়ে আসবে।”

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়। লালন শেখের গ্রেফতারির সময় থেকে তাঁর বাড়ি সিল করে দেয় সিবিআই। কিন্তু, সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হওয়ায় আদালতে মামলা দায়ের করেন তাঁর স্ত্রী রেশমা বিবি। এরপর আদালতের নির্দেশে লালন শেখের মৃত্যুর তদন্ত শুরু করে সিআইডি। আদালতের নির্দেশ মেনেই লালন শেখের মৃত্যুর পরদিন তাঁর বাড়ির সিল খুলে দেয় সিবিআই। এরপর লালনের স্ত্রী রেশমা বিবি বাড়িতে ঢুকে অভিযোগ করেন, বাড়ির ভিতরে সবকিছু ভাঙচুর করা হয়েছে। চুরি হয়েছে। সিবিআই হেফাজতে থাকার সময় কেন, কীভাবে বাড়িতে চুরি ও ভাঙচুর হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গোটা ঘটনার বিচার চেয়ে রামপুরহাট আদালতে মামলা দায়ের করেন রেশমা বিবি। সেই মামলার তদন্ত করতেই এদিন লালন শেখের বাড়িতে আসেন সিআইডি-র ফরেন্সিক প্রতিনিধি দল।

Related Articles

Back to top button