রাজ্য

পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন, অভিযোগ খোদ প্রধানের স্বামীর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা: প্রধানের স্বামীর বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল কোচবিহারে । সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নেমেছে বিরাট পুলিশ বাহিনী। দিনহাটার  গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ এলাকার এক পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে, তাঁর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা অঞ্চল সভাপতি মাহফুজুর রহমান এই কাজ করেছেন বলে অভিযোগে জানানো হয়েছে।

বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আজিজুল হক নামে ওই পঞ্চায়েতের সদস্য গুরুতর আহত অবস্থায় বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আজিজুল হকের দাবি, তিনি একটি কাজে বিডিও অফিসে গিয়েছিলেন এদিন সকালে। তার মধ্যেই এই ঘটনা ঘটে। তাঁর বাবা-মাকে, স্ত্রীকে মারধর করা হয়েছে, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানান তিনি। তাঁর দাবি, প্রধান টাকা নিয়ে কাজ করতে চাইতেন, কিন্তু তাতে আপত্তি ছিল আজিজুলের। তার জেরেই এই অশান্তি।

যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই মাহফুজুর রহমান দাবি করেছেন, এসব সাজানো নাটক। তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। মাহফুজুর জানান, গণ্ডগোলের খবর পেয়ে তিনি ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়েছিলেন। আর যাতে কোনও সমস্যা না হয়, সেটা দেখতেই নাকি গিয়েছিলেন তিনি। বাড়িতে ঢুকে আজিজুল হকের বাবা-মায়ের সঙ্গে কথাও বলেন, কিন্তু অগ্নিসংযোগোর পিছনে যে কোনও হাত ছিল না, তেমনটাই দাবি করেছেন মাহফুজুর রহমান। তিনি জানিয়েছেন, সম্প্রতি একটি দুর্ঘটনা হওয়ার পর থেকে আর বাড়ি থেকে বেরোন না তিনি।

Related Articles

Back to top button