প্রধানমন্ত্রীর সামনে মমতার মুখে প্রশংসা শুনে কী বললেন শোভন?

নিজস্ব সংবাদদাতা: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। রেল প্রকল্পের কথা বলতে গিয়ে শোভনের কথা মনে করলেন মমতা। জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের শোভনের কী অবদান ছিল, সে কথাই উল্লেখ করেছেন তিনি।
শুধু শোভন নয়, উল্লেখ করেছেন কলকাতা পুরনিগমের বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের নামও। যে শোভন অনেকদিন আগেই দল ছেড়ে চলে গিয়েছেন, যাঁর সঙ্গে ক্রমশ দূরত্ব বেড়েছে ঘাসফুল শিবিরের, এদিন মমতার মুখে তাঁর নাম তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আর ‘দিদি’র মুখে প্রশংসা শুনে ধন্যবাদ জানাতে ভোলেননি শোভনও।
শুক্রবার একদিকে হাওড়া স্টেশন থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে, অন্যদিকে, সূচনা হয়েছে জোকা-তারাতলা মেট্রোরও। প্রধানমন্ত্রী মোদী যখন ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত, তখন বক্তব্যে মমতা এদিন স্পষ্ট দাবি করেন, এই সব প্রকল্পের সূচনা হয়েছিল তিনি রেলমন্ত্রী থাকাকালীন। রেল প্রকল্পের উদ্বোধনের জন্য মোদীকে ধন্যবাদ দিলেও মমতা দাবি করেন, এগুলো আদতে তাঁরই স্বপ্নের প্রকল্প।
সেই প্রসঙ্গেই মমতা বলেন, ‘জোকা বা তারাতলা মেট্রো স্টেশনের জন্য যেভাবে জমি সংগ্রহ করেছিলেন, তার জন্য আমি শোভন চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ জানাতে চাই।’
মমতার এই বক্তব্যের পর শোভনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।’ ভোপাল থেকে ফোনে শোভন বলেন, ‘জ্যামে ফেঁসে গেলে ওপরে উঠে মেট্রোয় চড়ে যাওয়া যাবে। বেহালাবাসী উপকৃত হবেন। অনেক জট কাটিয়ে এই মেট্রোর কাজ হয়েছে।’ মমতার সুরে সুর মিলিয়ে শোভন আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ৭৫ শতাংশ কাজ করে এসেছিলেন, তারপরেও কেন এত বছর লাগল? প্রকল্পের টাকা আটকানো হয়েছিল। তবে ভাল লাগছে প্রধানমন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মেট্রো চালু হল।’
শুধু প্রাক্তন মেয়র নন, একসময় তৃণমূলের প্রথম সারির সৈনিক ছিলেন শোভন চট্টোপাধ্যায়। পরে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন, যদিও গেরুয়া শিবিরে সেভাবে কখনই সক্রিয় হতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি ভাইফোঁটার দিন শোভন ও বৈশাখী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাওয়ায় নানা জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। তবে এখনও পর্যন্ত তৃণমূলের ফেরার কোনও আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি কোনও তরফেই।



