খলিস্তানি যোগে ৮ রাজ্যের ৭৬ জায়গায় তল্লাশি NIA-র, গ্রেফতার ৬ কুখ্যাত গ্যাংস্টার

নিজস্ব সংবাদদাতা: গ্যাংস্টারদের খোঁজে দেশজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেশের আটটি রাজ্য জুড়ে মোট ৭৬টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে একাধিক গ্যাংস্টারদের গ্রেফতার করল এনআইএ । সূত্রের খবর, খলিস্তানি যোগ খুঁজতেই দেশজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। সেই সূত্র ধরেই দেশের আটটি রাজ্যে তল্লাশি চালিয়ে এখনও অবধি মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, জাগ্গু ভাগবানপুরিয়া ও গোল্ডি ব্রারের মতো কুখ্যাত গ্যাংস্টারদের সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন লাকি খোকার ওরফে ডেনিস, যে কানাডায় বসবাসকারী জঙ্গি আর্শ ডাল্লার অন্যতম সহযোগী। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র ও মধ্য প্রদেশ সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রারের সহযোগীদের গ্রেফতার করা হয়েছে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাজস্থান থেকে গ্রেফতার করা হয় খোকার নামক এক গ্যাংস্টারকে। ভাটিন্ডার বাসিন্দা খোকার কানাডায় বসবাসকারী গ্য়াংস্টার আর্শ ডাল্লার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাঁর হয়েই গ্যাংয়ে নতুন নতুন সদস্য নিয়োগ এবং সন্ত্রাসমূলক কার্যকলাপের জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা তোলাবাজির কাজ করত। পঞ্জাবে আর্শ ডাল্লার সহযোগীদেরও অস্ত্রশস্ত্র সরবরাহ করত খোকার।
এনআইএ-রস মুখপাত্র জানান, ধৃত লাকি খোকার আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক পাচার ও সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। বিভিন্ন খলিস্তানি সংগঠন যেমন খলিস্তান লিবারেশন ফোর্স, বাব্বর খালসা ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডেরেশনের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে।


