হিমঘরে জোরালো বিস্ফোরণ, ছাদ ভেঙে পড়ে মৃত অন্তত ৫ শ্রমিক, আটক অনেকে

নিজস্ব সংবাদদাতা: জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল নির্মীয়মাণ হিমঘর। আর ওই বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল হিমঘরের ছাদ। শুক্রবার বিকেলে উত্তর প্রদেশের মিরাটে এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৬। শেষ পাওয়া খবর পর্যন্ত, ওই হিমঘরের ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করতে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিরাট জেলার দৌরালা থানা এলাকায় অবস্থিত ওই হিমঘরটির নির্মাণকাজ চলছিল। এদিন বিকালে কাজ চলাকালীন হঠাৎ করেই জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে হিমাগার। বিস্ফোরণের জেরে হিমঘরের ছাদ ভেঙে পড়ে। ছাদ চাপা পড়েই ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।
হিমঘরে বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যান মিরাটের জেলাশাসক দীপক মীনা। তিনি জানান, হিমঘরে যখন বিস্ফোরণটি ঘটে, সেই সময় সেখানে ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। শেষ পাওয়া খবর পর্যন্ত, ১২ জন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। যার মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন হিমঘরে বিস্ফোরণের খবর পেয়েই দৌরালা থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে যায় এবং উদ্ধারকাজ শুরু করে। পরে ধ্বংসস্তূপে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে নামে। তারপর পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালায় এবং ধ্বংসস্তূপের ভিতর থেকে হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে। তবে কী থেকে বিস্ফোরণটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে দৌরালা থানার পুলিশ।


