আফসোস! নিত্যানন্দের কৈলাসের সঙ্গে চুক্তি বাতিল মার্কিন শহরের

নিজস্ব সংবাদদাতা: দিন কয়েক আগেই রাষ্ট্রপুঞ্জের এক বৈঠকে যোগ দিয়েছিল পলাতক অপরাধী তথা স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের কাল্পনিক দেশ ‘কৈলাস’-এর প্রতিনিধিরা। তারপর থেকেই গোটা বিশ্বজুড়ে চর্চা চলছে কৈলাস নিয়ে। রাষ্ট্রপুঞ্জের বৈঠকে স্ব-ঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের সুরক্ষা দাবি করেছেন তাঁর প্রতিনিধি বিজয়প্রিয়া। বস্তুত, আন্দর্জাতিক মহলের স্বীকৃতিপেতে মরিয়া নিত্যানন্দ। কিন্তু ইচ্ছাপূরণ হয়নি তাঁর। রাষ্ট্রপুঞ্জের কার্যবিবরণী থেকে কৈলিসের প্রতিনিধির মন্তব্য বাদ দেওয়া হয়েছে। এবার, মার্কিন শহর নেওয়ার্কও কৈলাসের সঙ্গে করা চুক্তি নিয়ে আফসোস প্রকাশ করে, চুক্তিটি বাতিল করল।
চলতি বছরের ১২ জানুয়ারি নেওয়ার্কের সিটি হলে নেওয়ার্ক এবং কৈলাসের মধ্যে ‘সিস্টার সিটি’ হওয়ার বিষয়ে একটি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল নিত্যানন্দ। কিন্তু রবিবার, নেওয়ার্ক সিটির যোগাযোগ বিভাগের প্রেস সেক্রেটারি সুসান গারোফালো জানিয়েছেন, চুক্তিটি বাতিল করা হয়েছে। গারোফালো বলেছেন, “কৈলাসের পরিস্থিতি সম্পর্কে জেনে নেওয়ার্ক সিটি অবিলম্বে পদক্ষেপ করে এবং ১৮ জানুয়ারি সিস্টার সিটি চুক্তিটি বাতিল করে। প্রতারণার ভিত্তিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এটি ছিল ভিত্তিহীন এবং অকার্যকর। এটা দুঃখজনক ঘটনা। নেওয়ার্ক শহর যোগাযোগ, সমর্থন এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একে অপরকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষের সঙ্গে অংশীদারি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই চুক্তিটি প্রত্যাহার করার জন্য আওয়াজ তোলেন নেওয়ার্কের কাউন্সিলম্যান লার্জ লুইস কুইন্টানার। তিনি জানান, নেওয়ার্কের সঙ্গে সিস্টার সিটি চুক্তি করতে গেলে কোনও শহরকে মানবাধিকার রক্ষার দিক থেকে ভাল মানের শহর হতে হবে। তিনি বলেন, “আমরা সিস্টার সিটিস ইন্টারন্যাশনালকে এমন একটি ইস্যুতে আনতে পারি না যা নিয়ে বিতর্ক আছে। এই নজর এড়িয়ে যাওয়াটা আর ঘটতে পারে না। যে শহরে মানবাধিকার নেই, সেই শহর নেওয়ার্কের সিস্টার সিটি হতে পারে না।


