‘লাট সাহেব সরকার’ এখন ‘দুয়ারে দুয়ারে’, কেন এমন কথা বললেন মমতা

খেজুরি: খেজুরির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে বামেদের নাম। আদ্যোপান্ত সিপিএম-কে তুলোধনা করেন মমতা। বাম আমলে খেজুরির কেমন অবস্থা ছিল তার বিবরণ দেওয়ার পাশাপাশি, ‘সিপিএম এর অত্যাচারের’ কাহিনি উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সোমবারের সভা থেকে বলেন, “সিপিএম-এর আমলে দেখছি গুন্ডাবাজি, পুকুরে বিষ মিশিয়ে দেওয়া, মানুষের পা কেটে দেওয়া, মানুষকে বয়কট করা, নরমুন্ডু নিয়ে খেলা করা। আর বিজেপির আমলে দেখছি দাঙ্গাবাজি”
এ দিনের সভার শুরুতেই প্রাক্তন শাসকদলকে নিশানা করেন মমতা। বলেন, “একসময় খেজুরিতে ঢোকা যেত না। সিপিএম-এর অত্যাচারে মানুষ অত্যাচারিত ছিল। আমার একজন ছাত্রী বন্ধুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। এরপর তাঁর বাবার নামে দোষ দেওয়া হয়েছিল।”এরপরই বিজেপি-কে খোঁচা মেরে মমতা দাবি করেন, “সে দিনের সিপিএমগুলো এখন বিজেপি হয়েছে। ভোট পরবর্তী হিংসার নামে আমাদের ছেলেগুলোকে জেলে ঢুকিয়ে দিয়ে ভাবছে এইভাবে চিরদিন চলে যাবে।”
মোদী পদবি মামলায় জামিন রাহুলের, রায় খারিজ নিয়ে আপাতত মিলল না স্বস্তি
তবে এখানেই শেষ নয়। প্রাক্তন সরকারকে ‘লাট-সাহেব’ আখ্যা দিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, “আগে রাজার মতো বসে থাকত সরকার। তারা গ্রামে-গ্রামে যেত না। মানুষের খোঁজ খবর নিত না। আর আমাদের সরকার এখন বুথে-বুথে এসে পরিষেবা দিচ্ছে।” নিজের সংগ্রামী জীবনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “নন্দীগ্রামে সূর্যোদয়ের নামে দশদিন কাউকে বেরতে দেওয়া হয়নি। ১৪ মার্চ যখন গুলিতে মারা গিয়েছিল, সেই সময় খেজুরি দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হত না। সেই সময় গদ্দাররা মাঠে ছিল না। লুকিয়ে বসেছিল। আমি সেই সময় ২৬ দিন অনশন করেছিলাম। ১৪ মার্চের গুলিকাণ্ডের পর আমি ছুটে এসেছিলাম।” তাঁকে মারতে ছক কষা হয়েছিল বলেও এ দিন মমতা জানান। মুখ্য়মন্ত্রীর অভিযোগ, “চণ্ডীপুরে আমার গাড়ি আটকে পেট্রল বোমা মারতে গিয়েছিল। কোলাঘাটে আমার গাড়িতে মদের বোতল ছোড়া হয়েছিল। আমার উপর অনেক অত্যাচার হয়েছে। আমি যত দিন বাঁচব আমার আন্দোলন কেউ রুখতে পারবে না। আমার সংগ্রামী জীবন কেউ রুখতে পারবে না। আমি মানুষের সঙ্গে ছিলাম আছি থাকব।”



