সম্পর্কে প্রত্যাশা: ভালোবাসার আসল ভাষা, টানাপোড়েনের অদৃশ্য সুর
দুটি মন যখন একই ছন্দে ধুকধুক করে—তখনই জীবন হয়ে ওঠে অমূল্য

নিজস্ব সংবাদদাতা: মানুষের মনে প্রত্যাশা জন্মায় হঠাৎ করে নয়—তা জন্মায় ভালোবাসার মাটিতে। ভালোবাসা যত গভীর হয়, ততই জন্ম নেয় কিছু অদৃশ্য দাবি, কিছু নীরব চাওয়া, কিছু বুকে রাখা ছোট ছোট আশ্বাসের খোঁজ। সম্পর্কের প্রতিটি বাঁকে এগুলিই হয়ে ওঠে চেনা সঙ্গী, কখনও সম্পর্ককে আরও শক্ত করে বাঁধে, আবার কখনও ভাঙনের দিকে ঠেলে দেয়।
(১) সম্পর্কের শুরুতে স্বপ্ন থাকে, পরে আসে দায়িত্ব:
সম্পর্কের প্রথম দিকটা থাকে ফুলের মতো সাদা। নতুন মানুষ, নতুন উত্তেজনা—তাই সেখানে প্রত্যাশা কম, অভিমান কম, প্রশ্নও কম। দু’জনের কাছেই তখন সময় থাকে, উদাসীনতা থাকে না।
কিন্তু মন যখন আস্তে আস্তে কারো গায়ে ঝুরঝুরে হয়ে বসে, বাকিটা সময়েই গল্প বদলায়। তখনই জন্ম নেয় প্রত্যাশা—কারণ মন বুঝে যায়, এই মানুষটাকেই প্রয়োজন।

(২) প্রত্যাশা খারাপ নয়—ভুল মানুষের কাছেই এটি বিপদ:
সমস্যা প্রত্যাশায় নয়, সমস্যার শুরু হয় “মানুষ নির্বাচন”-এ।
ভালোবাসার মানুষ যদি অনুভূতির মানে বোঝে, আপনার সংকেত পড়তে পারে—তবে সেই প্রত্যাশা সম্পর্ককে আরও পরিণত করে, আরও কাছাকাছি আনে।
অন্যদিকে, যদি সেই মানুষটাই বারবার আপনার কষ্টকে হালকা করে দেখেন, আপনাকে গুরুত্ব এর বদলে উপেক্ষা করেন বা আপনার ইমোশন নিয়ে মজার ছল করেন — তখনই মুহূর্তে প্রত্যাশা হয়ে দাঁড়ায় “বোঝা”-য়। কষ্ট আর অভিমান মিলিয়ে মনের মধ্যে তৈরি হয় “চক্রবুহ্য”। যেখানে একবার ধুকলে বেরোনো খুব কঠিন। এমনকী; বেরোতে গেলেও মনের মধ্যে শুরু হতে থাকে সন্দেহ, দো-টানা।
(৩) প্রত্যাশা থাকে সেই মানুষের কাছেই, যাকে আপনার ‘নিজের’ মনে হয়
মানুষ সবার কাছে প্রত্যাশা রাখে না। রাখে সেই বিশেষ মানুষের কাছে, যার সঙ্গেই স্বপ্ন দেখে।
সে একটু সময় দেবে, একটু বুঝবে, ভুল হলে ভরসা হবে; প্রয়োজন হলে ছায়া হয়ে পাশে দাঁড়াবে—এটাই তো হৃদয়ের স্বাভাবিক দাবি।
যারা বলে—“কারোর থেকে কিছু প্রত্যাশা করো না”—তারা আসলে সম্পর্কের গভীরতা কখনোই অনুভব করেনি। কারণ, প্রত্যাশা না থাকলে সম্পর্ক গড়ে ওঠে না—শুধু সহাবস্থান হয়।
(৪) প্রত্যাশার ধরন হয় খুব সাধারণ, কিন্তু গুরুত্ব অসাধারণ:
মানুষ খুব বেশি বা বিশেষ কিছু চায় না—
চায় একটু ফোনে খোঁজ নেওয়া
চায় সময়ের ভাগ
যত্নের হাত
চোখের ভাষায় নিশ্চিন্ততা
আর নিখাদ বিশ্বাস
—এগুলো পূরণ করতে সম্পদ, ডিগ্রি, ডেজিগনেশন বা প্রতিপত্তির প্রয়োজন হয় না; দরকার হয় মন, ইচ্ছা আর অনুভব করার ক্ষমতা।

(৫)যেখানে যত্ন কমে যায়, সেখানে দূরত্ব জন্মায়:
সম্পর্কের ভাঙন আসে খুব নিঃশব্দে—
একটু অবহেলা,
ব্যস্ততার অজুহাত,
সামান্য দূরত্ব,
এবং সবচেয়ে ভয়ঙ্কর—অন্যের অনুভূতির প্রতি অসংবেদনশীলতা।
যে মানুষটির জন্য আপনি অপেক্ষা করেন, যার কথা ভেবে চোখ ভিজে ওঠে—যদি সে মানুষটিই আপনার কষ্টকে উপেক্ষা করে, তবে প্রত্যাশা “ক্ষত” মারফত বুমেরাং হয়ে যায়।
(৬)সম্পর্ক টিকে থাকে দুইজনের সমান প্রয়াসে:
একজন যত্ন করলে এবং অন্যজন শীতল থাকলে—সেই সম্পর্ক লকেট হয়ে থাকে বাহারি, যার ভেতরটা থাকে ফাঁপা।
(৭)সুন্দর সম্পর্কের দুটো শর্ত:
সমানভাবে চেষ্টা
সমানভাবে অনুভূতি বোঝা
প্রত্যাশার মূল্য দিতে শিখলেই অভিযোগ গলে জল হয়, অভিমান হারিয়ে যায়, সম্পর্ক নতুন করে শ্বাস নেয়।

প্রত্যাশা কোনো দুর্বলতা নয়—এটি ভালোবাসার প্রমাণ।
যার কাছ থেকে আপনি কিছু আশা করেন, তার কাছেই আপনি সবচেয়ে নিরাপদ বোধ করেন।
তাই প্রিয় মানুষের ছোট ছোট প্রত্যাশাগুলো যতটা পারেন পূরণ করুন। সব তো সম্ভব নয়, কিন্তু যে প্রত্যাশাগুলো একে অপরকে বাঁচিয়ে রাখে, স্বাস নিতে সাহায্য করে—সেগুলো পূরণ করতে পারাটাই সম্পর্কের সবচেয়ে বড় শক্তি।
কারণ ভালোবাসা টিকে থাকে সম্পদে নয়—
টিকে থাকে সময়ে, যত্নে, বিশ্বাসে, আর দু’জনের সমান দায়িত্ববোধে।



