আন্তর্জাতিক

বাংলাদেশের হিংসা নিয়ে কড়া পদক্ষেপের দাবি তুলল ইসকনের মার্কিন কার্যালয়

 মার্কিন যুক্তরাষ্ট্র, 18 অক্টোবর : বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সরব হল ইসকনের মার্কিন কার্যালয় ৷ সেখান থেকে রবিবার তাদের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ যেখানে বাংলাদেশের হিংসা বন্ধে শেখ হাসিনার কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে ৷
গত বুধবার অষ্টমীর দিন থেকে বাংলাদেশে হিংসা ছড়াতে শুরু করেছে ৷ অভিযোগ, ওই দেশের কুমিল্লার একটি পুজো মণ্ডপে ভাঙচুরের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে ৷ সেখানে এখনও পর্যন্ত বহু পুজো মণ্ডপ, মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে ৷ বিভিন্ন এলাকায় বাড়িও ভাঙচুর চালানো হচ্ছে ৷ বহু মানুষও আক্রান্ত ৷
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে ৷ যেভাবে ইসকনের মন্দির ভাঙচুর করা হয়েছে ৷ সদস্যদের মারধর হয়েছে, তাতে তারা ব্যথিত ৷ তাই তাদের আর্জি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  যেন এই বিষয়ে কড়া পদক্ষেপ করেন ৷ আর কোনও দোষীদের যেন ছাড়া না হয় ৷ তারা যেন উপযুক্ত শাস্তি পায় ৷
 নোয়াখালির একটি ইসকন মন্দিরও ৷ যেখানে হামলার সময় দু’জন ভক্ত পার্থচন্দ্র দাস ও যতনচন্দ্র সাহা নামে দু’জনকে খুন করা হয় বলে অভিযোগ ৷ ইসকনের মার্কিন কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়েছে ৷
পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নিমাইচন্দ্র দাস নামে আর একজন ৷ বিবৃতিতে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে ৷ বাংলাদেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করা হয়েছে ওই বিবৃতিতে ৷ বাংলাদেশের ঘটনা নিয়ে অনেকেই প্রতিবাদে সরব ৷ ভারতে ইসকনের সদর কার্যালয় মায়াপুর থেকেও এর প্রতিবাদ করা হয়েছে ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷

Related Articles

Back to top button