রাজ্য

ঝোপ-জঙ্গলে ঢেকেছে বাড়ি, রাজু ঝা খুনে গ্রেফতার হওয়া অভিজিৎ ১৩ বছর আগেই ছেড়েছিল বাঁকুড়ার গ্রাম

বাঁকুড়া: কয়লা মাফিয়া রাজু ঝা খুনে (Raju Jha murder) উনিশ দিন পর গ্রেফতার অভিজিৎ মণ্ডল। পানাগড় থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর ধৃত অভিজিৎ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বাসিন্দা। তদন্তের স্বার্থে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড চষে বেরিয়েছেন তদন্তকারীরা। তবে পশ্চিম বর্ধমানের বাসিন্দা হলেও তাঁর আদি বাড়ি বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটি থানার থুমকোড় গ্রামে। তবে সেই গ্রামের সঙ্গে প্রায় ১৩ বছর ধরে কোনও যোগাযোগ ছিল না অভিজিতের।

সূত্রের খবর, প্রায় তেরো বছর আগে থুমকোড় গ্রামে বসবাসকালীন স্থানীয় একটি কারখানায় কাজ করত অভিজিৎ। পরে তিনি বাঁকুড়ার বাড়ি ছেড়ে পাকাপাকি ভাবে দুর্গাপুরে থাকতে শুরু করেন। বাড়ি ছাড়ার পর থেকে গ্রামের সঙ্গে আর কোনও যোগাযোগও ছিল না তাঁর। পরিবারের সকলকে নিয়ে দুর্গাপুরে থাকায় থুমকোড়ে অভিজিতের বাড়ি গত তেরো বছর ধরে কার্যত তালাবন্ধ। তালাবন্ধ অবস্থায় থাকতে থাকতে সেই বাড়ি গ্রাস করেছে ঝোপ জঙ্গলে। পোড়ো বাড়ির চেহারা নিয়েছে থুমকোড়ে অভিজিতের বাড়ি।

গ্রামের উৎসব অনুষ্ঠানেও অভিজিৎ আসত না বলে দাবি গ্রামবাসীদের। তাই অভিজিৎ গ্রেফতার হওয়ার পর তেমন কোনও অনুভূতি তেমন একটা চোখে পড়েনি থুমকোড় গ্রামের মানুষদের মধ্যে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রায় বারো থেকে তেরো বছর হয়ে গিয়েছে। এখন আর থাকে না। আগে থাকত। এখন দুর্গাপুরে থাকে। গ্রামের কারোর সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখে না। এখন শুনতে পারলাম ঘটনা। সেক্ষেত্রে খারাপও লাগছে না।”

 

স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগের পরই অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা সিবিআইয়ের, তল্লাশি দিল্লির অফিসে

 

প্রসঙ্গত, ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গুলি করে খুন করা হয় কয়লার কারবারি রাজেশ ওরফে রাজু ঝাকে। অভিযোগ, ল্যাংচা হাবের সামনে একেবারে সামনে থেকে গুলি করা হয়েছিল তাঁকে। তদন্তকারীদের হাতে এসেছে ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ। সেখানে তিন জন শুটারকে চিহ্নিত করা গিয়েছে। রাজু গাড়ির চালকের পাশের আসনে বসেছিলেন। বাঁ দিকের জানালা লক্ষ্য করেই পরপর গুলি চালিয়েছিল শুটাররা। এই ঘটনার পর থেকে পলাতক ওই সাদা গাড়িতে থাকা আব্দুল লতিফও। তাঁরও খোঁজ চলছে। এই ঘটনায় লতিফ যোগেরও একটি তত্ত্ব উঠে আসছে। সেই বিষয়টিকেও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে অভিজিৎ মণ্ডল আদতে কে, রাজু ঝা-র সঙ্গে তাঁর কী সম্পর্ক, আদৌ তাঁর ব্যাক গ্রাউন্ড কী, সে সব নিয়েই ধোঁয়াশা রয়েছে।

Related Articles

Back to top button