জমি দুর্নীতি ও সেই সংক্রান্ত হাওয়ালা মামলায় শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে গ্রেফতার করল ইডি
16 ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সঞ্জয় রাউতকে গ্রেফতার করল ইডি ৷ গোরেগাঁওয়ে পত্র চউল জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে (Shiv Sena MP Sanjay Raut Arrested by ED)। সোমবার সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি চলে । এরপর বিকেল সাড়ে 5টা থেকে ইডি অফিসে জিজ্ঞাসাবাদ করা হয় ।
উল্লেখ্য, গত 1 জুলাই এই রাজ্যসভার সাংসদকে আর্থিক তছরুপের ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি । জানা গিয়েছে, মুম্বইয়ের পত্র চউল নামে একটি আবাসন প্রকল্প নির্মাণের ক্ষেত্রে শিবসেনা নেতার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে । শুধু সঞ্জয় রাউত নয়, তাঁর স্ত্রীর কত সম্পত্তি রয়েছে, তাও খতিয়ে দেখছে ইডি । এর আগে গত 27 জুন সঞ্জয় রাউতকে নোটিশ পাঠিয়ে মুম্বইয়ের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় ৷ 1 জুলাই সঞ্জয় রাউত হাজিরা দেন ৷ সেদিনও প্রায় 10 ঘণ্টা শিবসেনার এই শীর্ষনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷
ইডি সূত্রের খবর, সঞ্জয় রাউতকে রাত 11:45 নাগাদ গ্রেফতার করা হয় । তাঁকে জিজ্ঞাসাবাদের পর দক্ষিণ মুম্বইয়ের ইডি অফিসে নিয়ে যাওয়া হয় । সঞ্জয় রাউতের ভাই সুনীল রাউত জানিয়েছেন, ইডি মামলা সম্পর্কিত কোনও নথি বা প্রমাণ পায়নি । সর্বশেষ তথ্য অনুযায়ী, সাংসদ সঞ্জয় রাউতের বাড়ি থেকে 11 লক্ষ 50 হাজার টাকা পাওয়া গিয়েছে । সেই কারণেই এই মামলা অন্যদিকে মোড় নিচ্ছে বলে মনে করা হচ্ছে



