ফালাকাটায় অমিত শাহের জনসভ, বিজেপি প্রার্থী দীপক বর্মনের পক্ষে জোর প্রচার

হরেকৃষ্ণ মন্ডল,ফালাকাটা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফালাকাটার মিল রোড ময়দানে বিজেপি প্রার্থী দীপক বর্মনের সমর্থনে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।বুধবার আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল থেকেই সভাস্থল ও আশপাশের এলাকায় মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতিতে গোটা ময়দান জনসমুদ্রে পরিণত হয়।এই জনসভায় জেলা ও ব্লক স্তরের একাধিক বিজেপি নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। প্রার্থী দীপক বর্মনও সভায় বক্তব্য রেখে সমর্থকদের কাছে সমর্থন ও সহযোগিতা কামনা করেন।সভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েনের পাশাপাশি সভাস্থলে প্রবেশের আগে দর্শনার্থীদের তল্লাশি চালানো হয়।সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ রাজ্যের বর্তমান সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতির সমালোচনাও করেন তিনি।আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নিরপেক্ষতার উপর জোর দেওয়ার পাশাপাশি তিনি সভায় উপস্থিত জনতাকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও সাফল্যের কথা তুলে ধরেন তিনি। রাম মন্দির নির্মাণসহ একাধিক জাতীয় ইস্যুর উল্লেখ করে তিনি বিজেপি সরকারের কার্যক্রমের প্রশংসা করেন।একইসঙ্গে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত সুরক্ষা জোরদার, কর্মসংস্থান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।সভা শেষে উপস্থিত জনতাকে বিজেপি প্রার্থী দীপক বর্মনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান অমিত শাহ। এই জনসভাকে ঘিরে ফালাকাটার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মত রাজনৈতিক মহলের।



