বারাসতে শ্যামা পুজোয় জনজোয়ার সামলাতে হিমশিম জেলা পুলিশের l

সুদীপ্ত দাস,বারাসত,২৫শে অক্টবর :-রাত বাড়তেই ভিড়ের জনজোয়ারে কার্যত তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হল বারাসতের ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কলোনী মোড় চত্বরে।অত্যাধিক ভিড়ে একসময় পুলিশ-জনতার মধ্যে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কিও।তার জেরে পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে।এরপর ব্যারিকেড দিয়ে আটকে কোনও রকমে পরিস্থিতি সামাল দেয় পুলিশের পদস্থ কর্তারা।
দুর্যোগ কাটার পর পরিস্থিতি যে এমনটা হবে তার আভাস মিলেছিল সন্ধ্যা থেকেই।থিকথিকে মানুষের ভিড়ে একসময় লম্বা লাইন পড়ে যায় নবপল্লী রাস্তার ঢোকার মুখে।দু’দিকে ব্যারিকেড দিয়ে প্রথমে সেই ভিড় সামাল দেওয়ার চেষ্টা পুলিশ প্রশাসন করেছিল ঠিকই।কিন্তু,রাত হতেই ভিড়ের জনজোয়ারে সেই চেষ্টাও মুখ থুবড়ে পড়ে।শেষে জাতীয় সড়ক সংলগ্ন নবপল্লী রাস্তায় প্রবেশ বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য।তাতে ভিড় আরও বেড়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের আশপাশে।তখনই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
পুলিশের পদস্থ কর্তারা অবশ্য রাস্তায় নেমে গোটা পরিস্থিতির মোকাবিলা না করলে বড়সড় অঘটনও ঘটতে পারত রাতের দিকে।ভিড় হালকা হতেই আবারও ধীরে ধীরে দর্শনার্থীদের প্রবেশ করানো হয় নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের রাস্তায়।



