ফুটবলের মহোৎসব আজ থেকে শুরু, ২৯ দিনের মহাযুদ্ধ বিশ্বচ্যাম্পিয়নের খেতাবের লক্ষ্যে

নিজস্ব সংবাদদাতা : চার বছরের অপেক্ষার ইতি। আবারও সারা বিশ্ব ডুবে যাবে ফুটবলে। মেসি, রোনাল্ডো নাকি নেইমার, কথা লড়াইয়ে চায়ের কাপে ঝড় তুলবেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্বকাপ ফ্রান্স কি খেতাব ধরে রাখতে পারবে? মধ্য প্রাচ্যের দেশ কাতার থেকে ট্রফি তুলে নিয়ে যাবে কোন দল? মেসির হাতে উঠবে কাপ? হেক্সা হবে ব্রাজিলের? প্রশ্ন অনেক। পাড়ার মোড়ে মোড়ে, বাড়ির ছাদের কার্নিশ থেকে ঝুলবে প্রিয় দলে পতাকা। অফিস থেকে ফিরে আর আড্ডা নয়, ম্যাচ দেখতে ড্রয়িংরুমের টিভির সামনে বসে পড়া। সঙ্গী কখনও পরিবার, কখনও বন্ধুবান্ধবরা। আবারও রাত জাগার পালা। প্রবল হইচই আর ফুটবল নামক খেলাটিকে ঘিরে নিখাদ আনন্দ। টানটান উত্তেজনার পালা চলবে পাক্কা ২৯ দিন ধরে। কখনও অঘটন হারে বিস্মিত হতে হবে। প্রিয় দলের ব্যর্থতায় চোখে জল আসবে। সব মিলিয়ে ফুটবলের দক্ষযজ্ঞ। মেসি রোনাল্ডোরা তো ঝাঁপাবেনই, সঙ্গী হব আমরা,আপনারা।
আটটি স্টেডিয়ামে ২৯ দিন ধরে ৩২টি দেশ মোট ৬৪টি ম্যাচ খেলবে। আয়োজক কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে কাতার ফুটবল বিশ্বকাপের শুভ সূচনা। এ যাবৎ আয়োজক দেশ কাতারকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। আশা করা হচ্ছে রবিবাসরীয় আল বায়াত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচ যখন শুরু হবে তখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, পরিযায়ী শ্রমিক, এলজিবিটিকিউ শ্রেণি, মদ্যপান নিয়ে নানা বিধিনিষেধের মতো দিকগুলি নিয়ে সমালোচনাকে ছাপিয়ে মুখ্য হয়ে উঠবে ফুটবল। আয়োজক দেশ হিসেবে সরাসরি যোগ্যতা পেলেও ফুটবল বিশ্বকে নিজেদের অস্তিত্ব টের পাইয়ে দেওয়ার এর থেকে ভালো সুযোগ পাবে না তৈলপ্রধান দেশটি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা একমাত্র আয়োজক দেশ হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। লজ্জার ইতিহাস গড়তে চায় না মধ্যপ্রাচ্যের দেশটি। গ্রুপ এ-তে ইকুয়েডর ছাড়াও আয়োজক দেশটির সঙ্গী সেনেগাল এবং নেদারল্যান্ডস।
সম্প্রচার সত্ত্ব ওই দেশ বিক্রি করলেও তার বড় অংশই যায় ফিফার খাতে। একই কথা টিকিট বিক্রি এবং মার্কেটিং অধিকারের ব্যাপারেও। এই সব খাতের সিংহভাগই যায় ফিফার অ্যাকাউন্টে। প্রতিযোগিতা চলার জন্য খরচের একটা বড় অংশ এখান থেকে আয়োজকদের দেয় ফিফা। পুরস্কার অর্থের পাশাপাশি ১.৭ বিলিয়ন ডলার কাতারকে দিয়েছে ফিফা। বিশ্বকাপের ফাইনাল জয়ীরা প্রাইজ মানি হিসাবে ৩৮ মিলিয়ন ইউরো পাবে। ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য ৩১০ কোটিরও বেশি।



