রোনাল্ডো ঘোষণা করলেন ইউরো ২০২৪ তাঁর শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ:-
বেবি চক্রবর্ত্তী,কলকাতা:-
পর্তুগালে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো সোমবার প্রচার মাধ্যমে জানিয়েছেন এই ইউরো প্রতিযোগিতাই তাঁর শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
স্লোভেনিয়ার বিরুদ্ধে টাই ব্রেকারে ৩ – ০ জিতে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করে ৩৯ বছরের পর্তুগিজ ফুটবল তারকা বলেন, “কোন সন্দেহ নেই এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তবে আমি আবেগ তাড়িত নই। আমি আনন্দিত আমার পরিবার আমার সমর্থকরা আমাকে যে ভালোবাসা দিয়েছে।” চলতি ইউরো প্রতিযোগিতায় রোনাল্ডো এখনো পর্যন্ত একটিও গোল করেনি। স্লোভেনিয়ার বিরুদ্ধে তিনি অবশ্য একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন গোল করার, কিন্তু অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে নেয়া তাঁর শট স্লোভেনিয়ার গোলরক্ষক জান ওব্লাক অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন। পর্তুগাল অতিরিক্ত সময়ে খেলতে নামার সময় দেখা যায় রোনাল্ডোর চোখে জল। পরে তিনি বলেন, “পৃথিবীর সব থেকে ভালো প্লেয়ারেরও কখনো কখনো খারাপ সময় যায়। আমি ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছিলাম কারণ ওই সময় আমাকে টিমের খুব দরকার ছিল। তবে তখন দুঃখ পেলেও এখন আমি খুশি। আমি কিছু ভুল না করলেও ওব্লাক দারুন দক্ষতায় পেনাল্টি বাঁচিয়ে দিল। কিন্তু সব থেকে জরুরী কথা আমরা জিতেছি। এর আগে দুবার আমরা পেনাল্টিতে হেরেছিলাম কিন্তু তৃতীয় বারে আমরা জিতলাম। আমি এই জামা পড়ে মাঠে নামলে যতদিন পারবো আমার সেরাটাই দেব। সব সময় হয়তো আমি সব সঠিক করবো না কিন্তু পারব না বলে আমি কোনদিন মুখ ফিরিয়ে চলে আসব না।”
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রোনাল্ডো ১৪ গোল করেছেন। তিনি বলেছেন তাঁর মূল লক্ষ্য দর্শকদের খুশি করা।



