হঠাৎ করেই চোখ লেগে গিয়েছিল… আর কিছু বলতে পারলেন না পন্থ

নিজস্ব সংবাদদাতা: নতুন বছরে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিল্লি থেকে দেরাদুনের পথে রওনা দিয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। মায়ের কাছে ফেরা হল না পন্থের। বাড়ির পথেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। দাউ দাউ করে জ্বলে ওঠে পন্থের গাড়ি।
শুক্রবার ভোর ৫.৩০ নাগাদ পন্থের গাড়ি গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। এই দুর্ঘটনার ফলে মাথায়, পিঠে এবং পায়ে চোট পেয়েছেন পন্থ। যদিও জানা গিয়েছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। হঠাৎ কীভাবে এই রকম ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন পন্থ? নিজেই জানালেন সেই কথা। দিল্লি থেকে বাড়ি যাওয়ার পথে ওই দুর্ঘটনার সময় পন্থ ঘুমিয়ে পড়েছিলেন। তিনি নিজেই এ কথা জানিয়েছেন পুলিশের কাছে।
পুলিশের কাছে পন্থ জানিয়েছেন গাড়ি চালানোর সময় তাঁর চোখ লেগে গিয়েছিল। উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার বলেন, “ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে। রুরকির মহম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। পন্থ পুলিশকে বলেছেন যে, তিনি গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। যে কারণে হঠাৎ করে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। কিছুক্ষণ পর গাড়িটিতে আগুন লেগে যায়। তাঁকে প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার পরে সেখান থেকে তাঁকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে।”
রুরকির সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর, ঋষভ পন্থকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পন্থের পুড়ে যাওয়া গাড়ির ছবি, ভিডিয়ো।ম্যাক্স হাসপাতালে পন্থকে নিয়ে আসার পর, সেখানকার চিকিৎসক আশিষ ইয়াগনিক তাঁর শারীরিক অবস্থার ব্যপারে আপডেট দিয়েছেন।
তিনি বলেন, “ক্রিকেটার ঋষভ পন্থ বর্তমানে অর্থোপেডিক্স ও প্লাস্টিক সার্জেনদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর, মেডিকেল বুলেটিন প্রকাশ করা হবে। তার পর আমরা তাঁর শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।”



