আপাতত থমকে রোনাল্ডো-জর্জিনার বিয়ের সিদ্ধান্ত! কিন্তু কেন?

নিজস্ব সংবাদদাতা: নতুন বছরে রেকর্ড অর্থে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তেইশের শুরুতে সৌদির রাজধানী রিয়াধে পৌঁছে গিয়েছেন রোনাল্ডো। সিআর সেভেনের সঙ্গে সৌদি আরবে গিয়েছে তাঁর পরিবার ও ব্যাক্তিগত নিরাপত্তা ফার্মও। জানা গিয়েছে, সৌদির একটি বিলাসবহুল হোটেলে উঠেছেন তাঁরা। এরই মধ্যে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, রোনাল্ডো ও জর্জিনা রড্রিগেজের বিয়ের সিদ্ধান্ত আপাতত থমকে গিয়েছে।
২০২২ সালে বড়দিনে রোনাল্ডোর সান্তা হয়েছিলেন জর্জিনা। ক্রিসমাসের উপহার হিসেবে সিআর সেভেনকে ৩ লক্ষ ৫০ হাজার ইউরোর রোলস রয়েস উপহার দিয়েছিলেন জর্জিনা। যে উপহার পেয়ে রোনাল্ডো ভীষণ খুশি হয়েছিলেন। পর্তুগিজ তারকার মডেল বান্ধবী জর্জিনা সেই ভিডিয়ো তুলে ধরেছিলেন ইন্সটাগ্রামে। যেখানে দেখা গিয়েছিল, ক্রিশ্চিয়ানো জুনিয়র-সহ বাকি সন্তানদের নিয়ে জর্জিনার পিছনে পিছনে গাড়িটির দিকে এগিয়ে যাচ্ছেন সিআর সেভেন। অবশেষে রুপোলি রঙের একটি রোলস রয়েসের সামনে এসে থামেন সিআর সেভেন। এর পর দেখা যায় পরিবারের সকলকে নিয়ে রোনাল্ডো ওঠেন সেই রোলস রয়েসে। ভিডিয়োটিতে পরিষ্কার বোঝা গিয়েছিল, এই উপহার তাঁকে কতটা আনন্দ দিয়েছে। এমনিতেই রোনাল্ডোর গাড়ির প্রতি বিশেষ প্রেম রয়েছে।
মার্কার প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ডো ও জর্জিনা সোশ্য়াল মিডিয়ায় তাঁদের সম্পর্কের অবনতির কথা জানাচ্ছেন না ঠিকই। কিন্তু আসলে অন্য ঘটনাই ঘটছে। কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় রোনাল্ডোর পর্তুগালের। আপাতত যার ফলে, রোনাল্ডো-জর্জিনার বিয়ের সিদ্ধান্ত থমকে গিয়েছে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, রোনাল্ডো ও জর্জিনা দু’জনই দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। তাঁদের দুই সন্তানও রয়েছে (আলানা মার্টিনা ডস স্যান্টোস আভেইরো এবং বেলা এসমেরাল্ডা)। এই জুটি এখনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি। সোশ্যাল মিডিয়ায় এখনও ঘোরাফেরা করছে রোনাল্ডো ও জর্জিনার একসঙ্গে রিয়াধ পৌঁছনোর ছবি-ভিডিয়ো। ফলে, তাঁদের বিয়ের সিদ্ধান্ত স্থগিত হওয়ার খবর গুঞ্জন, নাকি সত্যি? নেটিজ়েনদের মতে এই পরিস্থিতিতে রোনাল্ডোর সমর্থকরা তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভাবতে শুরু করে দিল।



