খেলাধুলা

পায়ে চোট, অস্ট্রেলিয়ান ওপেনে নেই বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়!

নিজস্ব সংবাদদাতা: চোটের কারণে বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল কার্লোস আলকারেজের । তাঁর ডান পায়ের পেশীতে চোট রয়েছে। যে কারণে ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে নামা হচ্ছে না আলকারেজের। ১৯ বছরের টেনিস তারকা পুরুষদের ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন।

স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাই হিসেবে খেলার কথা ছিল। কিন্তু বছরের প্রথমেই চোট তাঁর পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। আলকারেজ ছিটকে যাওয়ায় মেলবোর্ন পার্কে শীর্ষ বাছাই হিসেবে খেলবেন স্প্যনিশ মায়েস্ত্রো রাফায়েল নাদাল। রাফা দ্বিতীয় বাছাই ছিলেন। কীভাবে চোট পেলেন নাদালের দেশের এই টিনএজ টেনিস সেনসেশন, 

টুইটারে নিজেই চোট সম্পর্কে অনুরাগীদের হতাশার খবর জানিয়েছেন আলকারেজ। তিনি লেখেন, “মরসুম পূর্ববর্তী সময়ে দারুণ প্রস্তুতি চলাকালীন চোটের কবলে পড়েছি। ডান পায়ের পেশীতে চোট রয়েছে।” পোস্টের সঙ্গে ছবিটিই বলে দিচ্ছে, ভীষণ হতাশ তিনি।

গত বছরের সেপ্টেম্বরে কেরিয়ারের প্রথম মেজর ট্রফি জিতে মরসুম যেভাবে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই ২০২৩ সালের নতুন বছরের সূচনা করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে প্রথমেই ধাক্কা খেলেন। অস্ট্রেলিয়া ওপেনের ঠিক আগে চোট পেয়েছেন আরও এক তরুণ টেনিস সেনসেশন এমা রাদুকানু। কাঁদতে কাঁদতে কোর্ট ছেড়েছিলেন। ব্রিটিশ টেনিস তারকারও অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মাত্র ১৯ বছর বয়সে গ্র্যান্ড স্লাম জিতে চমকে দিয়েছিলেন স্পেনের ১৯ বছরের টেনিস তারকা কার্লোস আলকারেজ। গতবছর ইউএস ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন। একইসঙ্গে পুরুষদের এটিপি ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন।  ১৯ বছর ৪ মাস ৬ দিন বয়সে ওপেন যুগে প্রথম টিনএজার হিসেবে পুরুষদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে ইতিহাস গড়েছিলেন আলকারেজ।

নোভাক জকোভিচ, রাফায়েল নাদালের মতো কিংবদন্তিদের হারিয়ে দেওয়ার নজির রয়েছে তাঁর ঝুলিতে। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক নাদাল এখন কেরিয়ারের সায়াহ্নে। নাদাল পরবর্তী স্প্যানিশ টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বকে শাসন করবেন কার্লোস আলকারেজ গারফিয়া, এমনটাই অনুমান টেনিস বিশ্বের।

Related Articles

Back to top button