খেলাধুলা

তিন ছক্কায় ডাবল সেঞ্চুরি, ইতিহাসে শুভমন!

হায়দরাবাদ: এ বছরই দেশের মাটিতে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ । তার আগে কি ওপেনিং স্লটে খরা কিছুটা কাটল? শুভমন গিলের পারফরমেন্স অন্তত সেই আভাসই দিচ্ছে। টানা দু’টো ওডিআই ম্যাচে সেঞ্চুরি শুভমনের। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে শতরানের পর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও সেঞ্চুরি করলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেও ৭০ রানের দুরন্ত ইনিংস এসেছিল শুভমনের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যক্তিগত ৩৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ১৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেললেও, হায়দরাবাদে ৮ রানে আউট হন বিরাট কোহলি। ঈশান কিষাণও আউট হন ৫ রানে। বলা চলে এক প্রান্তে পর পর উইকেট হারালেও ক্রিজে স্থির থাকেন শুভমন। কিউয়িদের বিরুদ্ধে সেঞ্চুরি করে বিরাট কোহলির রেকর্ডও ভেঙে দেন গিল।

একার কাঁধেই দলের স্কোরবোর্ডকে সচল রাখেন শুভমন গিল। ৮৭ বলে সেঞ্চুরি করেন ডান হাতি ওপেনার। বিশ্বকাপের আগে দলকে আশ্বস্ত করছে শুভমনের ব্যাট। ওপেনার সমস্যাও সেক্ষেত্রে অনেকটাই মিটে যাবে টিম ইন্ডিয়ার। তবে কেএল রাহুল, শিখর ধাওয়ানদের কাছে জায়গাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।

টানা দুটো ম্যাচে সেঞ্চুরি ছাড়াও, আরও একটি রেকর্ড করেন শুভমন গিল। দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করলেন। ১০৬ রান করার সঙ্গে সঙ্গেই এই কীর্তি গড়েন তিনি। এরই সঙ্গে বিরাট কোহলি আর শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে দেন। ১৯তম ইনিংসে ১ হাজার ওডিআই রান পূর্ণ করলেন গিল। যেখানে ২৪ ইনিংসে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন কোহলি আর ধাওয়ান। বিশ্ব ক্রিকেটে ৫০ ওভারের ফরম্যাটে ১৯ ইনিংসে ১ হাজার রান রয়েছে ইমাম উল হকের। তবে সবচেয়ে কম সময়ে ১ হাজার রান করেছেন ফখর জমন। ১৮ ইনিংসে ১ হাজার রান করেন ফখর।

Related Articles

Back to top button