স্মৃতি-হরমনের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ভারত

নিজস্ব সংবাদদাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনবদ্য ছন্দে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপ শুরুর আগে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজ চলছে। স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌরের অনবদ্য জুটি, বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। তৃতীয় উইকেটে ১১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ভারতীয় দলের অধিনায়ক ও সহ অধিনায়ক। এই বিশাল জুটির সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৭ রানের বড় স্কোর গড়ে ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১১১ রান তোলে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা
ভারতীয় মহিলা ক্রিকেট দল ধারাবাহিকভাবেই ভালো খেলছে। দ্বিপাক্ষিক সিরিজ হোক কিংবা এশিয়া কাপের মতো বহুদেশীয় প্রতিযোগিতা। কিন্তু সমস্যা একটা জায়গাতেই। আইসিসি প্রতিযোগিতায় ভারত ট্রফির সঙ্গে কিছুতেই দূরত্ব ঘোঁচাতে পারছে না। ফরম্যাট যাই হোক, সেমিফাইনাল কিংবা ফাইনালেই আটকে যাচ্ছে ভারত। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার এই ফরম্যাটে ফাইনালে ওঠে ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, রানার্স হয়েই থাকতে হয়।
গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও অনবদ্য ক্রিকেট খেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালেও জায়গা করে নিয়েছিল। সোনার পদকের ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে ছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছেই হার এবং রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হয়। কমনওয়েলথ গেমসের পর থেকেই এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেয় ভারত। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবেই দক্ষিণ আফ্রিকায় এই ত্রি-দেশীয় সিরিজ। বিশ্বকাপও হবে দক্ষিণ আফ্রিকাতেই।
ইস্ট লন্ডনের বাফেলো পার্ক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেফালি ভার্মা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলছেন। ত্রি-দেশীয় সিরিজে স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেন করছেন যস্তিকা ভাটিয়া। ২৩ বলে ১৮ রানে ফেরেন যস্তিকা। তিন নম্বরে নামা হরলীন দেওল ১১ বলে ১২ রানেই ফেরেন। ইনিংসের নবম ওভারে স্মৃতির সঙ্গে ক্রিজে যোগ দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। এরপর শুধুই এই জুটির দাপট। স্মৃতি ৫১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন। ১০টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন। ৮টি বাউন্ডারি মেরেছেন তিনি। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৫ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা পেসার শিখা পান্ডে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৮ রান দেন।
বোলিংয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দীপ্তি শর্মা এবং রাধা যাদব। দীপ্তি ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। রাধা যাদব ১ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১০ রান। অনবদ্য ইনিংসের সৌজন্যে ম্যাচের সেরা স্মৃতি মান্ধানাই।



