জেলা

*রাজ্য স্তরের ভলিবল খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার,চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের ধূপগুড়িতে*

 


হরেকৃষ্ণ মণ্ডল,ডুয়ার্স:শোকের ছায়া নেমে এল ধূপগুড়ি মহকুমা জুড়ে। ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক তরুণ ভলিবল খেলোয়াড়ের মৃতদেহ। মৃত যুবকের নাম অমিত রায় (২১)তিনি ঝাড় আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর কাঠুলিয়া গ্রামের বাসিন্দা।

সকালে এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসে। পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকালে অমিতের মা কবিতা রায় ঘরে ছেলেকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের ভেতরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে তাঁর ছেলে। মুহূর্তেই ভেঙে পড়েন তিনি। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে খবর দেওয়া হয় ডাউকিমারি ফাঁড়ির পুলিশকে।

খবর পেয়ে ডাউকিমারি ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে জলপাইগুড়ি মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে কী কারণে এমন চরম পদক্ষেপ নিল অমিত, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই ভলিবলে দক্ষ ছিল অমিত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল বরাবরের। বিভিন্ন জায়গায় হায়ারে গিয়ে খেলত, পুরস্কার জিতে ফিরত। স্বপ্ন ছিল ভারতের জাতীয় দলের হয়ে খেলবে একদিন। সেই স্বপ্নপূরণের আগেই আচমকা এমন মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।

অমিত ছিলেন ধূপগুড়ির প্রতিষ্ঠিত জনকল্যাণ ক্লাব ও পাঠাগারের সদস্য ও বিশিষ্ট খেলোয়াড়। সেখান থেকেই শুরু হয়েছিল তার ভলিবল প্রশিক্ষণ।
সেদিন তার খেলার জগতে উঠে আসা জনকল্যাণ ক্লাব পাঠাগারে ক্লাব সদস্য ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে স্মরণসভার আয়োজন করা হয়।

ধূপগুড়ি মর্নিং ফুটবল একাডেমির পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

তরুণ বয়সেই এমন সম্ভাবনাময় প্রতিভার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ তার বন্ধুবান্ধব, সহপাঠীরা, প্রশিক্ষক থেকে শুরু করে ক্লাবের সদস্যরাও। অমিতের মতো এক প্রতিভাবান খেলোয়াড়ের এমন পরিণতি শুধু তার পরিবার নয়, গোটা সমাজকেই নাড়া দিয়ে গেল।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি গভীরভাবে শোক প্রকাশ করেছেন খট্টিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কিরা শিক্ষিকা।

Related Articles

Back to top button