কাটছে না দুর্যোগ, টানা ৫ দিন ধরে চলছে বৃষ্টি, সমুদ্র উত্তাল ফিরছে মৎস্যজীবীদের ট্রলার

সানওয়ার হোসেন, সুন্দরবন : কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রায় পাঁচ দিন ধরে চলছে টানা বৃষ্টি, সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। সমুদ্রে মাছ থাকলেও ধরতে পারছেন না মৎস্যজীবীরা।
মূলত, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনও ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না। কারণ, এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। প্রাকৃতিক দুর্যোগের কারণে মৎস্যজীবীদের ট্রলার উপকূলের দিকে ফিরে আসছে। আবহাওয়া দপ্তর থেকে দুর্যোগের সতর্কতা জারী হওয়ার পর, মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে ফিরে আসছেন। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার মৎস্যজীবীরা এই পরিস্থিতিতে পড়েছেন।
এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলার গুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্র পাড়ি দেবে। কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে তাঁরা মাছ ধরবেন তা নিয়ে এখন চিন্তিত। তবে, সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দুই থেকে তিন দিন জালে ভালো মাছ পড়েছিল। এরপর থেকে হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এখন বেশিরভাগই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে, মৎস্যজীবীরা যাতে নিরাপদে থাকতে পারেন এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে পারেন, তার জন্য প্রশাসনের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।



