শিশু সপ্তাহ উপলক্ষে সুন্দরিকা বর্তিকা’য় অভিভাবকদের আলোচনা সভা

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, বেলুড় মঠের উদ্যোগে ও ‘অফার’- এর সহযোগিতায় সম্প্রতি ফলতা ও ডায়মণ্ড হারবারের বিভিন্ন স্থানে জাতীয় শিশু দিবস থেকে বিশ্ব দিবস (১৪ —২০ নভেম্বর) সপ্তাহব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘মুক্তকণ্ঠ’। সম্প্রতি ‘ইতিবাচক অভিভাবকত্ব’ (Positive Parenting) বিষয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা ও শিশু কল্যাণ মূলক অনুষ্ঠান হয় সুন্দরিকা বর্তিকা সভাগৃহে। মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা, শারীরিক , মানসিক ও বৌদ্ধিক বিকাশে অভিভাবকদের ভূমিকা এবং শিশুর অধিকার সম্পর্কে আলোকপাত করেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে যুক্ত সমাজকর্মী ও আইনজীবী তপনকান্তি মণ্ডল। একজন শিশুর পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দের ভাবাদর্শ অনুসরণ কার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন। বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক অরুণাভ বিশ্বাস প্রাসঙ্গিক আলোচনা করেন। সভায় পৌরোহিত্য করেন প্রাক্তন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মাখনলাল প্রধান। শিশুরা সমবেত ভাবে বিশ্ব শিশু দিবসের বিশেষ সঙ্গীত পরিবেশন করেন। সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের মায়েরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।



