সবজির দাম লাগামছাড়া, স্বস্তির পরশ— ঝাড়গ্রাম পুলিশ লাইনে চালু হল ‘সূফল বাংলা’ বিপণি

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম:বাজারে সবজির বাড়তি দামে নাজেহাল সাধারণ মানুষ। প্রতিদিন বাজার করতে গিয়ে নিত্যপ্রয়োজনে খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে শহরবাসীকে। ঠিক এমন সময়েই স্বস্তির বার্তা— এবার ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে চালু হল পশ্চিমবঙ্গ সরকার কৃষিজা বিপণন বিভাগের সংস্থা পশ্চিমবঙ্গ এগ্ৰি মার্কেটিং করপোরেশনের উদ্যোগে ন্যায্যমূল্যের সূফল বাংলা বিপণি। বুধবার এই জনবান্ধব উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা(IPS)। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারোয়ার, বেলপাহাড়ির এসডিপিও আলোক কুমার (IPS), ঝাড়গ্রামের এসডিপিও সামীম বিশ্বাস সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।
পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিপণন দপ্তর এবং পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের উদ্যোগে চালু হওয়া এই বিপণিতে মধ্যস্বত্বভোগী ছাড়াই ক্রেতারা পাবেন টাটকা সবজি, ফল এবং কৃষিজ পণ্য— বাজার দামের তুলনায় অনেক কম দামে।
বাজার খোলা থাকবে প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। যেখানে উদ্যোক্তারা ন্যায্য মূল্যে সবজি কিনতে পারবেন। উদ্যোক্তাদের দাবি— এতে উপকৃত হবেন শহরের হাজারো পরিবার, পাশাপাশি ন্যায্য মূল্য পেয়ে লাভবান হবেন স্থানীয় কৃষকেরাও। স্থানীয়দের আশা— এই উদ্যোগ চলমান থাকলে নিত্যপ্রয়োজনীয় বাজারব্যয় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।



