জেলা

ফালাকাটায় আবারও পুলিশের সাফল্য, ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেপ্তার

 

হরেকৃষ্ণ মন্ডল, ফালাকাটা:আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় আবারও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল ফালাকাটা থানার পুলিশ। কয়েকদিন আগেই এলাকায় ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মাদক উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুর নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ফালাকাটা-মাদারীরোড এলাকায় বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করা হয়।তাদের তল্লাশি চালিয়ে প্রায় ১০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।পাশাপাশি তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ব্রাউন সুগার হাতবদলের উদ্দেশ্যে ওই এলাকায় আনা হয়েছিল। তবে পুলিশের আগে থেকেই গোপন সূত্রে তথ্য থাকায় মাদক লেনদেনের আগেই দুই অভিযুক্তকে পাকড়াও করা সম্ভব হয়।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের মধ্যে একজন হলেন রফিকুল ইসলাম তার বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকায়। অপর অভিযুক্ত সাফিউল হোসেন,যার বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকায়।ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস জানান,ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে।রবিবার তাদেরকে আদালতে পেশ করা হবে।এলাকায় মাদক পাচার রুখতে পুলিশের এই সক্রিয় ভূমিকার জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে,মাদকবিরোধী অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে।

Related Articles

Back to top button