আমপান দূর্নীতি-সহ একাধিক অভিযোগে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল বিজেপি
পূর্ব মেদিনীপুর ঃ আমপান দূর্নীতি-সহ একাধিক অভিযোগে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল বিজেপি। বুধবার এগরা-১ ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতে এগরা-১ ব্লকের উত্তর মন্ডল বিজেপির উদ্যোগে ওই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে আমপানে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি সাহায্যের পাশাপাশি উপভোক্তাদের তালিকা প্রকাশের দাবি জানান এগরা-১ উত্তর মন্ডলের সভাপতি রঞ্জন মহাপাত্র। তবে এ দিন বিজেপির বিরুদ্ধে পাল্টা মিছিল করে তৃণমূল। বিজেপির ডেপুটেশনে কটাক্ষ করছে রাজ্যের শাসকদল। ছত্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্য চক্রবর্তী বলেন, “বিজেপি তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে অপপ্রচার করেছে। বিজেপির পঞ্চায়েত সদস্যেরাই স্বজনপোষণ করেছেন।” অপ্রীতিকর ঘটনা এড়াতে এগরার ওসি কাশীনাথ চৌধুরীর নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছিল। এ দিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি অরুপ দাশ, এগরা-১ দক্ষিণ মন্ডলের সভাপতি দেবাশিষ জানা ও সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ।



