একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের শাসকদল
পূর্ব মেদিনীপুর ঃ মারিশদাঃ একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের শাসকদল। এখন থেকেই শাসকদলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে এবং পাড়ায় পাড়ায় জনসংযোগ কর্মসূচি করছে। তাঁরা সাধারণ মানুষের অভাব, অভিযোগ ও সমস্যার কথা শুনছেন।
পাশাপাশি কার কি সমস্যা তা নিয়ে তৃণমূল নেতারা সমাধানেরও চেষ্টা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের সিজুয়া এবং হরিণাপাশদলবাড়ে (পশ্চিম হরিণা) তফসিলি সংলাপের আয়োজন করা হয়। এ দিন তপসিলি সম্প্রদায়ভুক্ত মানুষদের সমস্যার কথা শোনেন ব্লক ও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও নেতানেত্রীরা। পাশাপাশি রাজ্য সরকারের জনমুখী প্রকল্প থেকে তাঁরা এখনও বঞ্চিত রয়েছেন কি না তাও বিস্তারিত বিবরণ নেন।
যাঁরা এখনও কিছু কিছু প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন, তাঁরা খুব শীঘ্রই সরকারি সুযোগসুবিধা পাবেন। সেইসঙ্গে গ্রামের বাসিন্দাদের একটি করে লিফলেটও তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ, জেলা পরিষদের সদস্য নন্দদুলাল মাইতি, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন বাগ, যুব নেতা মিঠুন কলা প্রমুখ।


