বিজেপি প্রার্থী মাশুহারা খাতুনের গাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা
:
রাজ্যে চলছে সপ্তম দফার ভোট। আর ভোট শুরু হতেই অশান্তি শুরু হয়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের রানিনগর এলাকায় বিজেপির অভিযোগ, বিজেপি প্রার্থী মাশুহারা খাতুনের গাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এ প্রসঙ্গে রানিনগরের বিজেপি প্রার্থী মাশুহারা খাতুন জানান, ভোটগ্রহণ পর্ব চলছে অথচ অধিকাংশ বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। মারধর করছে তৃণমূলের গুন্ডারা।
আর এই পরিস্থিতি সামাল দিতেই গাড়ি নিয়ে বুথের দিকে যাচ্ছিলাম এজেন্টদের বসানোর ব্যবস্থা করতে। কিন্তু রানিনগরের সেনপাড়া দিয়ে যাওয়ার সময় পথেই আমার গাড়িতে হামলা চালায় তৃণমূলের গুন্ডারা। আমার গাড়ি ঘিরে বিক্ষোভও দেখায় তৃণমূলের গুন্ডারা। আমাকে আটকে রাখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর পাশাপাশি রানিনগরের ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল। পোলিং এজেন্টদের বুথে বসতে দিচ্ছে না। পোলিং এজেন্টদের মারধর করছে। পরে খবর পেয়ে ঘটনাস্ছলে আসে পুলিশ।
পুলিশ এসে তাঁকে উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। যদিও বিজেপি প্রার্থীর তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানালেন রানিনগর এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি প্রার্থী ভোটে হেরে যাচ্ছে আর তাই এখন মিথ্যা নাটক করছে। গোটা ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। রিপোর্ট হাতে পেয়ে কমিশনের তরফে জানানো হয় রানিনগরে বিজেপি প্রার্থীর উপর কোনও হামলার ঘটনা ঘটেনি। রানিনগর এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন এলাকায়।
তথ্যসূত্রঃ আজকাল



