ফের বন্ধ হয়ে গেল বেলে গ্রামের মেলা
রানা বৈদ্য ,সাঁইথিয়া:ফের বন্ধ হয়ে গেল বেলে গ্রামের মেলা।বছরের পর বছর ধরে আষাঢ় মাসে হয়ে আসছে বেলে গ্রামের ধর্মরাজ পুজো।আর এই পুজোকে কেন্দ্র করে বসে বিরাট মেলা।আষাঢ় মাসের প্রতি রবিবার ধর্মরাজ পুজো অনুষ্ঠিত হয়।পুজো উপলক্ষে রাস্তায় দুইধারে বসে বিশাল মেলা।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে হাজার হাজার মানুষের আগমন হয়।কিন্তু করোনা মহামারীর জন্য গত বছর থেকে বন্ধ হয়ে গিয়েছে ধর্মরাজ পুজো ও মেলা।করোনা প্রকোপ থেকে বাঁচতে গত বছরও গ্রামের মানুষজন বেলে গ্রামে ঢোকার প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল।
কেন না এই গ্রামে বেলের মেলা উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। গ্রামে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পরে তার জন্য এ বছরো ও ধর্মরাজ পুজো এবং মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গ্রামের মানুষজন।
বেলে গ্রামের লালু গোপাল দেবাংশী,বটকৃষ্ণ দেবাংশী,বুবাই দেবাংশী,প্রকাশ চরন দেবাংশীরা বলেন,প্রায় ৭ পুরুষ ধরে এই ধর্মরাজ পুজো ও মেলা হয়ে আসছে।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষের ঢল নামে এই গ্রামে।
করোনা আবহের জন্য গতবছরের ন্যায় এবছরেও আমরা পুজো এবং মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
ওই গ্রামের গোপীনাথ বাগদী,বরুন পাল,অশোক বাগদীরা বলেন,করোনা আবহের কারনে আমরা প্রশাসনের কাছে এই মেলা বন্ধ রাখার আবেদন করি।
এদিন গ্রামবাসীরা গ্রাম ঢোকার প্রবেশপথে বাঁশ দিয়ে ঘিরে দেয়।যাতে বহিরাগত মানুষজন কেউ গ্রামে প্রবেশ করতে না পারে।ওই বাঁশ শুধুমাত্র বেলের পুজো ও মেলার জন্য লাগানো হয়।
এদিন গ্রামবাসীদের উদ্যোগকে সাধুবাদ জানাতে বেলে গ্রামে উপস্থিত ছিলেন আমোদপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার,অঞ্চল সভাপতি শেখ তাহিরুল,পিকু চন্দ্র সহ আরো অনেকে।


