বয়স্কদের জন্য চালু হলো ভ্রাম্যমান ভ্যাকসিন অন হুইলস পরিষেবা
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এবার কোভিড ভ্যাকসিন নিতে বয়স্কদের আর হাসপাতালে যেতে হবে না। দিতে হবে না লাইন।এবার চালু হলো দক্ষিন ২৪ পরগনায় ভ্যাকসিন অন হুইলস পরিষেবা।শুক্রবার উদ্বোধন হল বারুইপুরে।
ভ্যাকসিনের জন্য এবার বয়স্কদের সাতসকালে হাসপাতালে গিয়ে লাইন দিতে হবে না আর, গাড়ি করে ভ্যাকসিন পৌঁছে যাবে বাড়ির কাছেই। শুক্রবার বারুইপুরে দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্যাকসিন অন হুইলস পরিষেবার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, অতিরিক্ত জেলা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ আরো অনেকে।
গাড়িতেই রাখা থাকছে কোভিড ভ্যাকসিনের সরঞ্জাম। বারুইপুরের শংকরপুর ২ পঞ্চায়েতে এদিন এই পরিষেবা চালু হল।মূলত, চলাফেরা করতে অক্ষম, বয়স্ক সহ বিশেষ চাহিদা সম্পন্নদের টিকা দিতেই এই ব্যবস্থা করা হয়েছে। এদিন ৬০ জনকে এই টিকা দেওয়া হয়। বারুইপুরের পাশাপাশি ডায়মণ্ডহারবারেও এই পরিষেবা এদিন চালু হল।এদিন বিকালেডায়মন্ড হারবার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালী বাজারে যৌন কর্মীদের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এই পরিষেবার শুভ সূচনা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার), মহকুমা শাসক সুকান্ত সাহা,মহকুমা উপশাসক, প্রাক্তন পৌরপ্রধান সহ আরো অনেকে।প্রতিটা মহকুমার বিভিন্ন ব্লকে ও পৌরসভা এলাকায় এই বিশেষ ভ্রাম্যমান ভ্যাকসিন পরিষেবা প্রদান কর্মসূচী চলবে বলে জানা গেল। -+—–



